কারবালা স্মরণে শোকের মিছিল
কারবালার স্মরণে আশুরার দিনে ঢাকার বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল করেছে শিয়া মুসলমানরা; গত কয়েক বছরের মতই কঠোর নিরপত্তার মধ্যে চলে এই আনুষ্ঠানিকতা।
মঙ্গলবার সকাল ১০টার পুরান ঢাকার হোসেনী দালানের ইমামবাড়া থেকে আশুরার প্রধান তাজিয়া মিছিল শুরু হয়।
মিছিলে অংশগ্রহণকারীদের অনেকের পরনেই ছিল কালো পাজামা-পাঞ্জাবি, কেউ পরেছেন সাদা-কালো পোশাক।
তাদের হাতে হাতে ছিল ঝালর দেওয়া লাল, কালো, সবুজ ঝাণ্ডা। বুক চাপড়ে, ‘হায় হোসেন, হায় হোসেন’ মাতমে ফোরাত তীরের কারাবালার ঘটনাকে স্মরণ করছেন তারা।
১০ মহররম মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের প্রতীক। হিজরি ৬১তম বর্ষের (৬৮০ খ্রিস্টাব্দ) এই দিনে মুসলমানদের শেষ নবী হযরত মুহাম্মদ (স.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসেন (রা.) ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে শহীদ হন।
বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমান বিশেষ করে শিয়া মুসলমানরা ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে দিনটি পালন করেন।
তাজিয়া মিছিলের পুরোভাগে কারবালার স্মরণে কালো চাঁদোয়ার নিচে কয়েকজন বহন করেন ইমাম হোসেনের (রা.) প্রতীকী কফিন। মিছিলের সামনে থাকে ইমাম হাসান ও ইমাম হোসেনের দুটি প্রতীকী ঘোড়া, দ্বিতীয় ঘোড়ার জিন রক্তের লালে রাঙানো।
বিগত দিনে তাজিয়া মিছিলে ছুরি, ধারালো অস্ত্রসহ যুবকদের দেখা যেত। ইমাম হোসেনের নৃশংস হত্যাকাণ্ডের স্মরণে তারা নিজের শরীরে আঘাত করে নিজেকে রক্তাক্ত করতেন।
ঢাকা মহানগর পুলিশ আগেই জানিয়েছিল, তাজিয়া মিছিলে দা, ছুরি, তলোয়ার ও লাঠিখেলা এবারও নিষিদ্ধ থাকবে। ঢাকা, ঢোল বাজিয়ে উচ্চ মাত্রার শব্দ সৃষ্টি করা যাবে না। মিছিলে নিশান বা পতাকার দণ্ড দৈর্ঘ্যে ১২ ফুটের বেশি হতে পারবে না। সার্কাসের মত আগুন খেলাও নিষিদ্ধ।
মাঝপথে যাতে কেউ মিছিলে যোগ দিতে না পারে, তা নিশ্চিত করতে বলা হয়েছিল স্বেচ্ছাসেবীদের। তাদের শনাক্ত করতে দেওয়া হয়েছিল আলাদা আর্ম ব্যাজ। মিছিলে কোনো ধরনের ব্যাগ, পোঁটলা, টিফিন ক্যারিয়ার বহন না করতে অনুরোধ জানানো হয়েছিল পুলিশের পক্ষ থেকে।
রাস্তার দুই পাশে বিভিন্ন গলিতে অনেকে বিভিন্ন ধরনের খাবার আবার খেলনার অস্থায়ী দোকান দিয়ে বসায় জায়গাগুলো ছোটখাটো মেলার চেহারা পায়। তবে মিছিলের পথে প্রধান সড়কের প্রায় প্রতিটি দোকানে ছিল বন্ধ।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল্লাহেল কাফি জানান, কোনো বিশৃঙ্খলা ছাড়াই বেলা ১টার দিকে ধানমন্ডি ২ নম্বর সড়কের লেকপাড়ে পৌঁছায় তাজিয়া মিছিল।
ইমামবাড়ার তত্ত্বাবধায়ক এমএম ফিরোজ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জোহরের নামাজের পর প্রতীকী ‘কারবালা’ প্রাঙ্গণে দোয়া-দরুদ পড়ে আর ধন্যবাদ বক্তব্য দিয়ে তাদের তাজিয়া মিছিলের আনুষ্ঠানিকতা শেষ হয়।
বিকেল ৪টার পর ফরাশগঞ্জের বিবিকা রওজা থেকে আরেকটি তাজিয়া মিছিল ধানমণ্ডির লেকপাড়ে পৌঁছাবে বলে ফিরোজ হোসেন জানান।
আশুরা উপলক্ষে মঙ্গলবার বাংলাদেশে সরকারি ছুটি। তবে বরাবরের মত এবারও পুরান ঢাকায় আশুরার আনুষ্ঠানিকতা শুরু হয় আগের দিন থেকেই।
ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপ কমিশনার মুনতাসিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহররমের ১ তারিখ থেকে বিভিন্ন ছোট খাটো অনুষ্ঠান হচ্ছে। তখন থেকেই আমরা নিরাপত্তা বাড়িয়েছি। ৭ তারিখ থেকে বড় প্রগ্রাম শুরু হয়, আমরা সেভাবেই নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছি।”
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায় সকালে ইমামবাড়ায় সাংবাদিকদের বলেন, “শুধু পুলিশ নয়, আমাদের গোয়েন্দা সংস্থার লোকজনও আছেন সাধারণ পোশাকে। গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হচ্ছে। আয়োজকদের সঙ্গে সমন্বয় করে ভালোভাবেই সব আনুষ্ঠানিক শেষ করা যাবে বলে আশা করছি আমরা।”
রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, লালবাগ, পল্টন এবং মগবাজার এলাকা থেকেও এদিন তাজিয়া মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন শিয়া মতাদর্শে বিশ্বাসীরা। দেশের অন্যান্য জেলা থেকেও তাজিয়া মিছিলের খবর পাঠিয়েছেন আমাদের প্রতিনিধিরা।
আশুরা উপলক্ষে এক বাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, “ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম। এখানে হানাহানি, হিংসা, দ্বেষ বা বিভেদের কোনো স্থান নেই। ধর্মীয় উগ্রবাদ, মৌলবাদ, জঙ্গিবাদসহ কুসংস্কারমুক্ত সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি সমাজে সত্য ও সুন্দরের আলো ছড়িয়ে দিতে পবিত্র আশুরার মহান শিক্ষা সকলের প্রেরণার উৎস হোক- এ প্রত্যাশা করি “
আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, “আমি আশা করি, জাতীয় জীবনে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে পবিত্র আশুরা হতে আমরা সকলে শিক্ষা নেব।”
