জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে: বিদায়ী রাষ্ট্রদূত
বাংলাদেশের সার্বিক উন্নয়নে জাপান দীর্ঘমেয়াদী সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন দেশটির বিদায়ী রাষ্ট্রদূত হিরোয়াসু ইজুমি।
সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম পরে সাংবাদিকদের বলেন, “জাপানের বিদায়ী রাষ্ট্রদূত বলেছেন, শেখ হাসিনার শক্তিশালী ও স্থিতিশীল নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে। জাপান বাংলাদেশের সার্বিক উন্নয়নে দীর্ঘমেয়াদী সহযোগিতা অব্যাহত রাখবে।”
তিনি বলেন, “জাপানের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। জাপানের মাজদা অটোমোবাইল কোম্পানি বাংলাদেশে কারখানা স্থাপনে আগ্রহী। জাপানি প্রতিষ্ঠান বাংলাদেশে এলপিজি প্ল্যান্ট স্থাপন করতে চায় বলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন জাপানের বিদায়ী রাষ্ট্রদূত।”
মিয়ানমার থেকে নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় এবং তাদের শান্তিপূর্ণভাবে মিয়ানমারে ফেরত পাঠানোর প্রচেষ্টা নেওয়ায় বাংলাদেশের প্রশংসা করেন হিরোয়াসু ইজুমি।
জিডিপি প্রবৃদ্ধির হারে বাংলাদেশের সাফল্য নিয়েও তিনি প্রশংসা করেন বলে প্রেস সচিব জানান।
বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের হৃদয়ে জাপান বিশেষ জায়গা জুড়ে রয়েছে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জাপান সহযোগিতা করে আসছে।
জাপানের সহযোগিতায় বাংলাদেশের মেট্রোরেল প্রকল্প, মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলেছে জানিয়ে ধন্যবাদ জানান শেখ হাসিনা।
তিনি বলেন, সাবরাংয়ের অর্থনৈতিক অঞ্চলেও জাপানি ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারবে।
ইহসানুল করিম জানান, ব্যবসা বাড়ানোর জন্য দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে আন্তঃযোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
“এছাড়া রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে মিয়ানমারে ফেরত পাঠাতে জাপানের ভূমিকা প্রত্যাশা করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বোঝা। মিয়ানমারকে তাদের ফেরত নিতে হবে।”
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের পক্ষে রাষ্ট্রদূত হিরোয়াসু ইজুমি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী মার্চে জাপান সফরের আমন্ত্রণ জানান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসানও এ সময় উপস্থিত ছিলেন।
