২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন আইন কর্মকর্তা নিয়োগের বৈধতার প্রশ্নে রিট আবেদন

জুলাইয়ে নিয়োগ পাওয়া ১৭৫ জন আইন কর্মকর্তার (ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল) নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2019, 06:50 PM

Updated : 18 Aug 2022, 05:45 PM

সুপ্রিম কোর্টের আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূইয়া হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় রোববার রিট আবেদনটি করেন।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও মো. খায়রুল আলমের হাই কোর্ট বেঞ্চে চলতি সপ্তাহে এর শুনানি হতে পারে বলে জানিয়েছেন আবেদনকারী আইনজীবী।

আইন কর্মকর্তা নিয়োগে স্থায়ী প্রসিকিউশন সার্ভিস করার নির্দেশনা চাওয়া হয়েছে রিট আবেদনে।

আবেদনে বলা হয়েছে, এ নিয়োগ বাংলাদেশ ল’ অফিসার অর্ডার-১৯৭২ এর ৩(৩) নম্বর অনুচ্ছেদের ‘সুস্পষ্ট লঙ্ঘন’। 

এই অনুচ্ছেদ অনুযায়ী সহকারী অ্যাটর্নি জেনালের পদে নিয়োগ পেতে হলে সুপ্রিম কোর্টে ৫ বছর আইন পেশায় থাকতে হবে। কিন্তু নিয়োগে আইনের এই শর্ত মানা হয়নি বলে আবেদনকারীর অভিযোগ।

আইন সচিব, আইন কমিশনের চেয়ারম্যান, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব, সংসদ সচিবালয়ের সচিব, অর্থ সচিব, জনপ্রশাসন সচিব, অ্যাটর্নি জেনারেলসহ ১৫ জনকে বিবাদী করেছেন অ্যাডভোকেট ফরহাদ।

গত ৭ জুলাই ১০৫ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল এবং ২১ জুলাই ৭০ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।