২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ অধিবেশন ঘিরে নিরাপত্তা বাড়ছে

জাতীয় সংসদের অধিবেশন সামনে রেখে নিরাপত্তা জোরদার করছে ঢাকা মহানগর পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2019, 09:23 PM

Updated : 18 Aug 2022, 05:44 PM

শনিবার রাত ১২টা থেকে সংসদ ভবন এলাকায় সব ধরনের ‘অস্ত্র, বিস্ফোরক, ক্ষতিকারক বা দূষণীয় দ্রব্য’ বহন এবং মিছিল, সমাবেশ, শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করেছেন ঢাকার পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

পুলিশের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমান বন্দর হয়ে বাংলামোটর ক্রসিং; বাংলামটর লিংক রোডের পশ্চিম দিক থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত; পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত; মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমণ্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থল এবং রোকেয়া সরণির সংযোগস্থল থেকে উড়োজাহাজ ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং পর্যন্ত এ বিধিনিষেধ কার্যকর হবে।

এছাড়া ইন্দিরা রোডের পূর্ব দিক থেকে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম দিক এবং সেই সঙ্গে জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং সীমানার মধ্যে অবস্থিত সব রাস্তা ও গলিপথে এ নিষেধাজ্ঞা অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

রোববার শুরু হচ্ছে চলতি সংসদের চতুর্থ অধিবেশন। অধিবেশন শুরুর আগে সংসদের কার্যক্রম ঠিক করতে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে বসবে কার্য উপদেষ্টা কমিটি। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা এ বৈঠকে অংশ নেবেন।