২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2019, 06:55 PM

Updated : 08 Apr 2022, 04:40 PM

বুধবার তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেখা করতে গেলে তার সঙ্গে আলোচনায় মুসলিম উম্মার ঐক্যের উপর গুরুত্ব দেন শেখ হাসিনা।

জাভাদ জারিফও বলেন, তার দেশ সৌদি আরবসহ প্রতিবেশী মুসলিম দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়।

ঢাকা সফররত ইরানি পররাষ্ট্রমন্ত্রী সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন।

আলোচনায় শেখ হাসিনা বলেন, “মুসলিম উম্মার ঐক্য দরকার।  আমাদের মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ, মতপার্থক্যের সুযোগে তৃতীয় পক্ষ সুবিধা নিচ্ছে। মুসলিমরা নিজেদের রক্ত ঝরাচ্ছে, অন্যরা তার সুবিধা নিচ্ছে। 

“আমরা মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য চাই। যদি মুসলিম দেশগুলোর মধ্যে মতপার্থক্য থেকেও থাকে, সেগুলো দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক আলোচনার মাধ্যমে  সমাধান সম্ভব। এজন্য রক্তক্ষরণের দরকার নেই।”

ভাত্রৃঘাতী সংঘাত নিরসনে ওআইসিকে  ভূমিকা রাখতে হবে বলেও শেখ হাসিনা মন্তব্য করেন বলে ইহসানুল করিম জানান।

ইরানের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সাংস্কৃতিক সম্পর্কের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বাংলা ভাষায় প্রচুর ফারসি শব্দের ব্যবহারের কথাও ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে জানান তিনি।

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন, তিনি দুজন শিয়া মেয়েকে দত্তক নিয়েছেন।

ইহসানুল করিম বলেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী ওআইসিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করেছেন। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের দৃষ্টান্ত স্থাপনকারী আর্থসামাজিক অগ্রগতির প্রশংসা করে জাফাদ জারিফ বলেন, তার দেশও নানা প্রতিকূলতা  কাটিয়ে অর্থনৈতিক উন্নয়ন করছে।

ইরান সৌদি আরবসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় বলেও জাভাদ জারিফ জানান বলে জানিয়েছেন প্রেস সচিব।

বাংলাদেশ ও ইরানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও ইরানের পররাষ্ট্রমন্ত্রী সন্তোষ জানান।

ইহসানুল করিম বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসাও করেন জাভাদ জারিফ।  

এই সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো.নজিবুর রহমান, বাংলাদেশে ইরানের রাষ্ট্রদূত রাজা নাফার উপস্থিত ছিলেন। 

পুরনো খবর:

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা নাকচ করল ইরান
ইরানি ট্যাংকার জব্দে যুক্তরাষ্ট্রের পরোয়ানা জারি