২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লবীতে দুর্ঘটনায় আহত স্কুলছাত্রের মৃত্যু

রাজধানীর পল্লবীতে বাসের চাপায় আহত স্কুলছাত্র মো. সাব্বির চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2019, 09:02 PM

Updated : 18 Aug 2022, 05:43 PM

পল্লবী থানার এসআই শামীম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর সাড়ে ৪টার দিকে মারা যায় ১৩ বছর বয়সী ওই কিশোর।

পল্লবীর নাহার একাডেমি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র সাব্বিরের বাবা মোহাম্মদ জসিম পেশায় একজন গাড়িচালক। দুই ভাইবোনের মধ্যে সাব্বির ছিল বড়।

এসআই শামীম বলেন, শনিবার বিকালে পল্লবীর ১২ নম্বর সেকশনে চার রাস্তার মোড়ে প্রজাপতি পরিবহনের একটি বাসের চাপায় গুরুতর আহত হয় সাব্বির।

দুর্ঘটনার পর প্রথমে তাকে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে শনিবার সন্ধ্যায় নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তার মৃত্যু হয়।

সাব্বিরের মামা সুমন নাকিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার বিকালে স্কুল থেকে পল্লবীর বাসায় ফেরার পথে দুর্ঘটনায় পড়ে তার ভাগ্নে।

এসআই শামীম বলেন, পুলিশ দুর্ঘটনার জন্য দায়ী বাসটি জব্দ করেছে, চালককেও গ্রেপ্তার করা হয়েছে।