২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুলহাজ-তনয় হত্যামামলা সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে

সমকামী অধিকারকর্মী জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয় হত্যাকাণ্ডে সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক জিয়াসসহ আটজনের বিরুদ্ধে মামলাটির বিচার হবে ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2019, 06:00 PM

Updated : 08 Apr 2022, 04:38 PM

অভিযোগপত্র দেওয়ার পর মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম সাইদুজ্জামান শরীফ আদালত স্থানান্তরের এই আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই সাফায়েত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৫ জুলাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক শাখার প্রধান জিয়াসহ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক মুহম্মদ মনিরুল ইসলাম।

অন্য আসামিরা হলেন- আকরাম হোসেন, সাব্বিরুল হক চৌধুরী, জুনাইদ আহমদ ওরফে মওলানা জুনায়েদ আহম্মেদ ওরফে জুনায়েদ, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, আরাফাত রহমান, শেখ আব্দুল্লাহ ও আসাদুল্লাহ।

আসামিদের মধ্যে জিয়া, আকরাম, সাব্বির ও জুনাইদ পলাতক রয়েছেন। বাকি চারজন কারাগারে রয়েছেন।

২০১৬ সালের ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগানের লেক সার্কাস রোডের বাড়িতে ঢুকে ইউএসএআইডির কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধু থিয়েটারকর্মী তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

জুলহাজ যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তা ছিলেন। তিনি সমকামীদের অধিকার প্রতিষ্ঠার সাময়িকী ‘রূপবান’ সম্পাদনায় যুক্ত ছিলেন। তনয় নাট্য সংগঠন লোক নাট্যদলে যুক্ত ছিলেন।

ওই ঘটনায় কলাবাগান থানায় জুলহাজের বড় ভাই মিনহাজ মান্নান ইমন হত্যা মামলা এবং সংশ্লিষ্ট থানার এসআই মোহাম্মদ শামীম অস্ত্র আইনে আরেকটি মামলা করেন।

জঙ্গিরা এই হত্যাকাণ্ডে জড়িত ছিল বলে পুলিশের তদন্তে বেরিয়ে আসে।