২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারকন্টিনেন্টালের সংস্কার কাজে অনিয়মের অভিযোগ

পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সংস্কার কাজে অনিয়মের অভিযোগ তুলেছে সংসদীয় কমিটি। এ কারণে কমিটি মন্ত্রণালয়ের কাছে ওই হোটেলের সংস্কারের ব্যয়সহ সব তথ্য চেয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2019, 09:09 PM

Updated : 08 Apr 2022, 04:38 PM

বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির পক্ষ থেকে এ তথ্য চাওয়া হয়।

সরকারি কোম্পানি বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড মালিকানাধীন হোটেলটি সংস্কারের পর গত বছর থেকে আন্তর্জাতিক হোটেল চেইন ইন্টারকন্টিনেন্টাল পরিচালনা করছে।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “বৈঠকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পুনঃসংস্কার কাজের সাথে কোন প্রতিষ্ঠান জড়িত, কত টাকা ব্যয় হয়েছে, টেন্ডার কোন প্রক্রিয়ায় দেয়া হয়েছে, তার একটি পূর্ণাঙ্গ রিপোর্ট কমিটিতে পাঠানোর সুপারিশ করা হয়।”

এ বিষয়ে কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একজন সদস্যের প্রস্তাবের প্রেক্ষিতে আমরা এই তথ্য চেয়েছি।”

বৈঠকে অংশ নেওয়া এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সংস্কারের ব্যয় নিয়ে প্রশ্ন তোলেন।

হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংস্কারে মোট ৬২০ কোটি টাকা ব্যয় হয়েছে। ২০১৫ সালে শুরু হওয়া সংস্কার কাজ ২০১৬ সালের শেষ হওয়ার কথা থাকলেও কয়েক দফায় সময় বাড়িয়ে গত বছর আগস্টে শেষ হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর ১২ সেপ্টেম্বর এর উদ্বোধন করেন। এ বছরের জানুয়ারি থেকে পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু করে হোটেলটি।

গত দশম সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিও এই হোটেল নির্মাণ নিয়ে বিভিন্ন সময় অসন্তোষ প্রকাশ করে।

পাঁচ দশকের পুরনো এ হোটেলটির ব্যবস্থাপনায় আবারো ফেরার জন্য ২০১২ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের সঙ্গে চুক্তি করে ইন্টারকন্টিনেন্টাল হোটেল গ্রুপ, যে গ্রুপটি ১৯৬৬ থেকে ১৯৮৩ পর্যন্ত এ হোটেলের ব্যবস্থাপনায় ছিল।

ইন্টারকন্টিনেন্টালের পর ব্যবস্থাপনার দায়িত্ব এসেছিল আন্তর্জাতিক হোটেল সেবাদানকারী আরেক প্রতিষ্ঠান শেরাটন। প্রায় ২৮ বছর পর ২০১১ সালের এপ্রিলে শেরাটন চলে গেলে বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড হোটেলটির ব্যবস্থাপনার দায়িত্ব নেয়।

ওই সময় থেকে রূপসী বাংলা নাম নিয়ে নতুন করে চালু হয় বাংলাদেশের নানা গুরুত্বপূর্ণ ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা এই হোটেল।

রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ এলাকায় ১৯৬২ সালে প্রতিষ্ঠিত এ হোটেলটি ১৯৮১ সালে সম্প্রসারণ এবং বিভিন্ন সময়ে কিছু কিছু সংস্কার হলেও আন্তর্জাতিক ফাইভ স্টার মানে তোলার জন্য বেশকিছুদিন ধরেই বৈশ্বিক হোটেল পরিচালন কোম্পানিগুলোর পক্ষ থেকে তাগাদা আসছিল।

সংস্কারের পর হোটেলটির প্রতিটি অতিথি কক্ষের আয়তন আগের চেয়ে বেড়েছে। এতে করে আগের তুলনায় কক্ষ সংখ্যা কমেছে। এখন কক্ষসংখ্যা ২২৬টি।