বেশি দাম নিয়ে সমালোচনা, দারাজে ওডোমস বিক্রি বন্ধ
মশা প্রতিরোধী ক্রিম ওডোমস বেশি দামে বিক্রি করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে পণ্যটি সরিয়ে নিয়েছে অনলাইনে কেনাকাটার সাইট দারাজ।
সারাদেশে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সম্প্রতি এই রোগ পরীক্ষার কিট, মশা প্রতিরোধী বিভিন্ন পণ্যের দাম কয়েকগুণ বেড়ে যায়।
তেমনই একটি পণ্য ৫০ গ্রামের ওডোমস ক্রিম দাম ৩০০ থেকে ৫৪৮ টাকা পর্যন্ত উঠে যায়। যা এতদিন বিক্রি হচ্ছিল ১২৫ টাকায়।
বৃহস্পতিবার সকালে দারাজে ওডোমস ক্রিমের দাম ৬০০ টাকা আর অ্যামাজনে ৯২ রুপি দেখানো হচ্ছিল
এ সপ্তাহের শুরুর দিক থেকে ওডোমসের দাম বেশি রাখায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দারাজের সমালোচনা শুরু হয়।
যদিও দুইদিন আগেই নিজেদের সাইট থেকে পণ্যটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে দাবি করেছেন দারাজ বাংলাদেশের জনসংযোগ বিভাগের প্রধান সায়ন্তনী তিশা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমরা যখন জানতে পেরেছি যে, এই পণ্যটির দেশে কোনো অনুমোদিত পরিবেশক নেই তখনই সরানোর সিদ্ধান্ত নিয়েছিলাম।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা বলার পর দারাজে ওডোমস ক্রিমটি আর পাওয়া যায়নি
ভারতীয় প্রতিষ্ঠান ডাবোরের তৈরি ১০০ গ্রামের ওডোমস ক্রিম অ্যামাজান ডট ইন বিক্রি হচ্ছে ৯২ রুপিতে। আর বৃহস্পতিবার সকালে দারাজে একই পণ্যের আসল দাম ৬০০ টাকা এবং ৩৩ শতাংশ ছাড়ে তা ৪০০ টাকায় বিক্রি করা হচ্ছিল।
ওডোমস ক্রিমের দামের বিষয়ে তিশা বলেন, “পণ্যের দাম দারাজ নির্ধারণ করে না, বিক্রেতা (পরিবেশক) নির্ধারণ করে।”
তিশার এই বক্তব্যের পর দারাজে ওডোমস ক্রিমের বিজ্ঞাপনটি আর দেখা যায়নি।
এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা কার্যালয়ের সহকারী পরিচালক আফরোজা রহমান বলেছেন, অভিযোগ পেলে তারা বিষয়টি খতিয়ে দেখবেন।
