২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ‘অজ্ঞান পার্টির’ ৪০ সদস্য গ্রেপ্তার

কোরবানির ঈদ সামনে রেখে ঢাকার বিভিন্ন এলাকা থেকে ‘অজ্ঞান পার্টির’ ৪০ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2019, 12:32 AM

Updated : 08 Apr 2022, 04:32 PM

গোয়েন্দাদের একাধিক টিম গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বলে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান জানিয়েছেন।

গোয়েন্দা দক্ষিণ বিভাগ ১৯ জন, গোয়েন্দা পশ্চিম বিভাগ সাতজন এবং সিরিয়াস ক্রাইম বিভাগ ১৪ জন অজ্ঞান পার্টির সদস্যকে গ্রেপ্তার করেছে।

তাদের কাছ থেকে চেতনানাশক ট্যাবলেট, ট্যাবলেট মিশ্রিত খেজুর, হালুয়া ও পানীয় উদ্ধার করা হয় বলে জানান মাসুদুর রহমান।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানায়, ঈদ সামনে রেখে ঢাকা শহরের বিভিন্ন মার্কেট, শপিংমল, পশুর হাট, বাসস্ট্যান্ড, সদরঘাট ও রেলস্টেশন এলাকায় আগত ব্যক্তিদের টার্গেট করে সখ্য স্থাপন করে তারা। এরপর তাদের অপর সদস্যরা ওই ব্যক্তি ও তাদের সদস্যকে ট্যাবলেট মিশ্রিত খাদ্যদ্রব্যের আমন্ত্রণ জানায়। খাদ্য দ্রব্য গ্রহণের পর তিনি অচেতন হলে তারা তার মূল্যবান দ্রব্যাদি নিয়ে দ্রুত চলে যায়।”

খাদ্যদ্রব্য হিসেবে চা, কফি, জুস, ডাবের পানি, পান ও ক্রিম বিস্কুট ব্যবহার করা হয় বলে জানান তিনি।