সাংবাদিক রাশীদ উন নবী বাবু গুরুতর অসুস্থ
দৈনিক সকালের খবরের সাবেক সম্পাদক এ কে এম রাশীদ উন নবী গুরুতর অসুস্থ। বর্তমানে মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে তার চিকিৎসা চলছে।
রাশীদ উন নবীর বাবুর মেয়ে ফারাহ আনিকা অনন্যা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত এপ্রিলে তার বাবার অগ্নাশয়ে ক্যান্সার ধরা পড়ে।
“প্রথমে আনোয়ার খান মর্ডান হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলে। পরে উন্নত চিকিৎসার জন্য মে মাসে তাকে ভারতের ভোলোরের ক্রিশ্চিয়ান মিশনারি হাসপাতালে (সিএমসি) নেওয়া হয়। সেখানে একমাস চিকিৎসা চলে।
“সিএমসির চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর জানান, সেখানে তার অস্ত্রোপচার সম্ভব নয়। সেখান থেকে পরের মাসে তাকে টাটা মেমোরিয়াল হাসপাতালে স্থানান্তর করা হয়।”
ওই হাসপাতালের চিকিৎসকরা মুম্বাইয়ে থেকেই চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। তারা এখন সপরিবারে মুম্বাইয়ে রয়েছেন বলে জানান অনন্যা।
“টাটা মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসকরা বাবার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য তাকে প্রস্তুত করা হচ্ছে।”
বর্তমানে বাবুর কেমোথেরাপি চলছে। চিকিৎকরা জানিয়েছেন, টানা দুই মাস কেমোথেরাপির পর রোগীকে অস্ত্রোপচারের উপযোগী করা সম্ভব হবে।
পরিবারের পক্ষে রাশীদ উন নবীর সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তার একমাত্র মেয়ে অনন্যা।
৪৫ বছরের সাংবাদিকতা জীবনে রাশীদ উন নবী বাবু দৈনিক বাংলা, বাংলার বাণী, দেশ বাংলা, আজকের কাগজ, ইত্তেফাক, সমকাল, আমার দেশ, যুগান্তর, এনটিভি, চ্যানেল ওয়ান, ইনকিলাব ও সাপ্তাহিক পূর্ণিমায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তিনি দৈনিক সকালের খবরের সম্পাদক ছিলেন। সর্বশেষ তিনি প্রকাশিতব্য দৈনিক আমার দিনে সম্পাদকের দায়িত্ব পালন করেন।
