২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে দিনে-দুপুরে তরুণকে ছুরি মেরে হত্যা

ঢাকার যাত্রাবাড়ীতে ‘বন্ধুদের’  ছুরিতে রিফাত (১৮) নামের এক তরুণের মৃত্যুর খবর দিয়েছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2019, 04:47 PM

Updated : 18 Aug 2022, 05:34 PM

রোববার বেলা ৩টার দিকে দক্ষিণ শেখদি এলাকায় ওই হামলার ঘটনায় মহসিন নামের আরেক তরুণ আহত হয়েছেন।পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে।

যাত্রাবাড়ী থানার ওসি মাযহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিজেদের মধ্যে ঝগড়ার জেরে সমবয়সীদের ছুরিকাঘাতে রিফাত খুন হয় বলে জেনেছি।”

রিফাতের বড় ভাই ইমন জানিয়েছেন, মহসিন, নাসিম এবং রাকিব নামের তিনজন এই হত্যাকাণ্ডে জড়িত।

“তাদের মধ্যে একজন রিফাতকে বাসা থেকে ফোনে ডেকে নিয়ে এই ঘটনা ঘটিয়েছে।”

রিফাত কিছু করত না জানিয়ে ইমন বলেন, “দশম শ্রেণির পর পড়ালেখা করেনি রিফাত। যারা তাকে হত্যা করেছে তাদের মধ্যে মহসিন স্থানীয় একটি কলেজে পড়ে।”

হত্যকারীরা এলাকায় রিফাতের ‘বড় ভাই’ হিসেবে পরিচিত বলে দাবি করেন ইমন।

তবে ওসি মাযহারুল বলেন, “ওরা কেউ রিফাতের বন্ধু, কেউ সমবয়সী। রিফাত এবং মহসিনের নামে এলাকায় দুইটি গ্রুপ রয়েছে। তাদের বিরুদ্ধে থানায় অনেক অভিযোগও রয়েছে।”

এর আগে গত ১৯ জুলাই রাজধানীর লালবাগে একই বয়সী এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছিল।