২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু: ঢাবিতে প্লাটিলেট গণনা কেন্দ্র চালু

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় রোগটি নির্ণয়ে রক্তের প্লাটিলেট গণনা কেন্দ্র চালু করেছে কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2019, 03:49 PM

Updated : 08 Apr 2022, 04:30 PM

রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ডেঙ্গু জ্বর ও রক্তের প্লাটিলেট গণনার জন্য এই ‘সেল কাউন্টার’ চালু করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শুক্রবার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ছাত্র ফিরোজ কবীর। আরও অনেক শিক্ষার্থী এরইমধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন।

এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ‘ডেঙ্গু ভীতি’ ছড়িয়ে পড়েছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের প্রধান মেডিকেল অফিসার সারওয়ার জাহান মুক্তাফী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, জ্বরের প্রথম তিনদিনের মধ্যে ডেঙ্গু নির্ণয়ের জন্য আইসিডিডিআরবিসহ অন্যান্য সরকারি হাসপাতালে রক্ত পরীক্ষা করা যেতে পারে। পাঁচদিন পর পর দুটি রক্তের পরীক্ষা ( IgG  ও IgM) করা যেতে পারে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সেল কাউন্টারে এসে রক্তের প্লাটিলেট গণনা করা যেতে পারে।

বিশ্ববিদ্যালয়ের আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অনেক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের অনেক সদস্য ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছেন।

“ডেঙ্গু প্রতিরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিভিন্ন হল প্রশাসন নিয়মিতভাবে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা নিধনে ওষুধ ছিটানোসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে,” বলা হয় বিজ্ঞপ্তিতে।

এছাড়া এডিস মশা নিয়ন্ত্রণ ও এর বংশ বিস্তার রোধে ক্যাম্পাসে নিয়মিতভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে বলেও এতে বলা হয়।