২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধে ‘প্রাণ’কে তথ্য মন্ত্রণালয়ের চিঠি

বিদেশি চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে ‘প্রাণ’ কোম্পানিকে চিঠি দিয়েছে তথ্য মন্ত্রণালয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2019, 09:58 PM

Updated : 08 Apr 2022, 04:29 PM

গত ২১ জুলাই তথ্য মন্ত্রণালয়ের টিভি-২ শাখা থেকে ওই চিঠি পাঠানো হয়েছে বলে মঙ্গলবার এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে।

এতে বলা হয়, “কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬ এর উপধারা-১৯ (১৩) অনুযায়ী বাংলাদেশি দর্শকদের জন্য বিদেশি কোনো চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন সম্প্রচার বা সঞ্চালন করা যাবে না। একই আইনের ধারা ২৮ অনুসারে এই আইনের লঙ্ঘন একটি শাস্তিযোগ্য অপরাধ।

“লক্ষ্য করা যাচ্ছে যে, আপনার প্রতিষ্ঠান কর্তৃক বিদেশি টিভি চ্যানেলে বিজ্ঞাপন প্রদান করা হচ্ছে, যা এই আইনের সুস্পষ্ট লঙ্ঘন। প্রসঙ্গত উল্লেখ্য যে, ইতোমধ্যে কেবল অপারেটরদের এ বিষয়ে সতর্ক করা হয়েছে এবং বর্তমানে এ আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এ ব্যবস্থা চলবে।

“এমতাবস্থায় অবিলম্বে বিদেশি টিভি চ্যানেলে আপনার প্রতিষ্ঠান কর্তৃক বিজ্ঞাপন প্রদান থেকে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।”

বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধের আইন কার্যকর করতে বিদেশি টিভি চ্যানেল ডাউনলিঙ্ক প্রতিষ্ঠান এবং কেবল অপারেটরদের কয়েক দফা চিঠি দেয় তথ্য মন্ত্রণালয়।

এরপরেও বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধ না হওয়ায় গত ১ জুলাই থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে সরকার।

বিষয়টি প্রাণ গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা মন্ত্রণালয়ের চিঠি এখনও হাতে পাইনি। আপনাদের (গণমাধ্যম) মাধ্যমে জানতে পারলাম। চিঠি পেলে উত্তর জানাব।”

তিনি একইসঙ্গে বলেন, “তবে প্রাণের কোনো বিজ্ঞাপন বাংলাদেশ থেকে বিদেশি কোনো চ্যানেলে প্রচারের জন্য দেওয়া হয় না। প্রাণ বাংলাদেশের টেলিভিশনগুলোতে একটি অন্যতম প্রধান বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান।”

পুরনো খবর:

বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন বন্ধে নামছে ভ্রাম্যমাণ আদালত