নুসরাতের খুনিরা প্রতিবাদকারীদের সাহস কেড়ে নিতে চেয়েছে: সুলতানা কামাল
মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেছেন, নুসরাতকে যারা পুড়িয়ে মেরেছে, তাদের একটি উদ্দেশ্য ছিল সবাইকে ভয় দেখিয়ে দেওয়া, যাতে নিপীড়নকারীদের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস না পায়।
নুসরাতের খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মঙ্গলবার রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে এক সমাবেশে তার এমন মন্তব্য আসে।
“এরকম শত শত ঘটনা ঘটে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন জায়গায়। আমরা বাংলাদেশ নিয়ে আজকে কথা বলছি। কিন্তু অনেকেই আর থানায় নালিশ দিতে যাননি এবং নুসরাতকে যখন পুড়িয়ে হত্যা করা হল অনেকেই হয়ত থানায় আর নালিশ দিতে যাবেন না।”
সোনাগাজীর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছিলেন নুসরাত। গত ২৬ মার্চ নুসরাতের মা শিরীনা আক্তার মামলা করার পরদিন সিরাজকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেন, “কোনো সমাজই অপরাধমুক্ত নয়, কোনো সমাজই এমন হবে না যেখানে যৌন নির্যাতন হবে না। কিন্তু যৌন নির্যাতন কমিয়ে আনা যায়, সেটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যায়, যদি যাদের উপর যৌন নির্যাতন হচ্ছে তারা মুখ খুলতে পারে।”
নুসরাতের সাহসকে ‘অভিবাদন’ জানিয়ে তিনি বলেন, “নুসরাতের বিরাট একটা বীরত্ব এখানে যে, ওই কুলাঙ্গারদের ভয় দেখাতে পেরেছিল। সেজন্য তাকে একটা কঠিন একটা ফল ভোগ করতে হয়েছে, কিন্তু অনেক অনেক নিযাতিত নারীর পক্ষ থেকে নুসরাত ওদেরকে ভয় দেখাতে পেরেছে।”
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, যৌন নির্যাতন ও নারী নিপীড়ন প্রতিরোধ আন্দোলন, জাতীয় গার্মেন্ট শ্রমিক ফেডারেশন, জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র মৈত্রী সহ কয়েকটি সংগঠন এ সমাবেশে অংশ নেয়।
