টেলি সামাদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
চলচ্চিত্র অভিনেতা আবদুস সামাদের (টেলি সামাদ) মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার এই অভিনেতার মৃত্যুর খবর শুনে প্রধানমন্ত্রী এক শোকবার্তায় তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে মারা যান। তার বয়স হয়েছিল ৭৪ বছর।
বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন টেলি সামাদ; এর আগে ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে তার বাইপাস সার্জারি করা হয়। এরপর ২০১৭ সালের ২৭ সেপ্টেম্বর তিনি কিছুটা সুস্থ হয়ে দেশে ফেরেন। কিন্তু দেশে আসার পর অক্টোবর ও নভেম্বরে দুই দফা স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে।
অসুস্থ টেলি সামাদের শারীরিক অবস্থার খোঁজ নিয়ে তার চিকিৎসায় উদ্যোগী হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালে এই অভিনেতার হাতে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেন।
