ঢাকায় আট লাখ ইয়াবাসহ গ্রেপ্তার ৩
ঢাকার সদরঘাট ও আবদুল্লাহপুর থেকে আট লাখ ইয়াবা উদ্ধারের খবর দিয়েছে র্যাব।
চট্টগ্রামের সাগরে ট্রলার থেকে ২৭ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধারের ঘটনা ঘটলেও রাজধানীতে এত বড় চালান আর কখনও ধরা পড়েনি।
মঙ্গলবার ভোরে সদরঘাটে বরগুনা থেকে আসা একটি লঞ্চের দুই যাত্রীর কাছে ৫ লাখ ৫ হজার ইয়াবা পাওয়া যায় বলে জানায় র্যাব-১। তারা হলেন তুহিন হোসেন (২৫) ও মো. সবুজকে (২৬)।
জিজ্ঞাসাবাদে ওই দুজনের দেওয়া তথ্যে টঙ্গীর আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড থেকে ৩ লাখ ৪০ হাজার ইয়াবাসহ শাহজাহান (৩৫) নামে অন্যজনকে গ্রেপ্তার করা হয় বলে র্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান জানান।
তিনি বিকালে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বলেন, “এই ইয়াবাগুলো অভিজাত এলাকার একটি বাসায় যাওয়ার কথা ছিল।”
তবে কোন এলাকায় যাচ্ছিল, ‘তদন্তের স্বার্থে’ তা প্রকাশ করেননি তিনি।
টেকনাফ ও কক্সবাজার এলাকায় কড়া নজরদারি থাকায় ইয়াবা কারবারিরা রুট পরিবর্তন করেছে বলে জানান র্যারে মুখপাত্র।
তিনি বলেন, “জিজ্ঞাসাবাদে তারা জানায়, দেড় বছর ধরে তারা এটার সঙ্গে জড়িত এবং ৬/৭ বার এই রুটে ইয়াবা এনেছে।”
মুফতি মাহমুদ বলেন, “এই ইয়াবা গভীর সমুদ্র থেকে হাতবদল হয়ে উপকূলীয় এলাকায় এসে দুই ভাগে সড়ক ও লঞ্চপথে রাজধানীতে আসে।
“গভীর সমুদ্র থেকে হাতবদল হয়ে কাউয়ারচরে আসে এই ইয়াবাগুলো। পরে একটি ট্রলার ২০ হাজার টাকায় ভাড়া করে তরমুজ ও ভুট্টার মধ্যে করে আনার কথা ছিল। কিন্ত বৈরী আবহাওয়ার কারণে তারা সেই পরিকল্পনা বাতিল করে লঞ্চে ও সড়ক পথে আনে।”
দুই রুটে আনার কারণ বলতে গিয়ে র্যাবের মুখপাত্র বলেন, “এক পথের ইয়াবা ধরা পড়লে আরেক পথের ইয়াবা দিয়ে যাতে ক্ষতি পুষিয়ে নেওয়া যায়।”
এক পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, গত বছরের ৩ মে থেকে দেশব্যাপী মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযানে প্রায় ২০ হাজার মাদক কারবারীকে গ্রেপ্তার ও ৭৫ লক্ষাধিক ইয়াবাসহ অন্যান্য মাদক উদ্ধার করা হয়।
