ঢাকায় মোটর বাইকের ধাক্কায় একজন নিহত
ঢাকার খিলগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি
নিহতের নাম শাহ্ এবাদুল হক (৬৫)। তিনি খিলগাঁও আনসার সদর দপ্তরের পাশে একটি ছয়তলা ভবনের চতুর্থ তলায় থাকতেন।
এবাদুল রোববার সন্ধ্যায় রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনায় পড়েন বলে তার ভাগ্নে শাহ্ মো. গোলামুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন।
তিনি বলেন, “সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়তে বাসা থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে কাছের খিদমা হাসপাতালে নেওয়া হয়েছিল, সেখান থেকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসার পর কর্তব্যরত চিকিৎসক এবাদুলকে মৃত ঘোষণা করেন বলে ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানিয়েছেন।
এবাদুলের বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার পশ্চিম আউলিয়া গ্রামে। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক।
