২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানী অগ্নিকাণ্ড: ছয় হাসপাতালে আহতরা

রাজধানীর বনানীর বহুতল ভবন এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডে আহত প্রায় অর্ধশত ব্যক্তিকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2019, 08:30 PM

Updated : 10 Oct 2022, 09:01 PM

বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ কুর্মিটোলা হাসপাতালে ১৫ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জন, ইউনাইটেড হাসপাতালে ১০ জন, অ্যাপোলো হাসপাতালে নয়জন, সম্মিলিত সামরিক হাসপাতালে পাঁচজন ও বনানী ক্লিনিকে দুইজন ভর্তি হয়েছেন বলে এসব হাসপাতাল-ক্লিনিক কর্তৃপক্ষ জানিয়েছে।     

বেলা ১টার দিকে কামাল আতাতুর্ক এভিনিউয়ের ৩২ নম্বর হোল্ডিংয়ে ২২ তলা ওই ভবনে আগুন লাগার পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। ফায়ার সার্ভিসের প্রায় দুই ডজন ইউনিটের কয়েক ঘণ্টার চেষ্টায় সন্ধ্যার আগুন নিয়ন্ত্রণে আসে।

সন্ধ্যার আগেই এ ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়, যাদের অধিকাংশই আগুন থেকে বাঁচতে ওই ভবন থেকে লাফ দিয়েছিলেন। আগুন নেভানোর পর রাতে ভবনটির পোড়া ফ্লোরগুলোতে ঢুকছেন উদ্ধারকর্মীরা, এরইমধ্যে কয়েকজনের মৃতদেহ বের করেছেন তারা।

এ ঘটনায় আহতদের মধ্যে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মামুন (৩০), হাবিবুর রহমান, মুশফিকুর রহমান, মুরাদ (ময়মনসিংহ), মহিউদ্দিন (২৩), আরিফ (৩২), মো. রেজাওয়ান আহমেদ (৪০), ফাহিম ফয়সাল (৩০), হিমু (৩০), সুশান্ত (৪০), ফজলুল (২৫), আব্দুল মান্নান, রিফাত (৩৫), নাজমুল হক (৩৫), স্মৃতি (২০), মোতাহার হোসেন (৪০) মফি।

ইউনাইটেড হাসপাতালের জনসংযোগ বিভাগ জানিয়েছে, এ ঘটনায় আহত ২৬ জনকে তাদের ওখানে নেওয়া হয়। তাদের মধ্যে তিনজন আগেই মারা যান। তারা হলেন- মো. মনির (৫০),  মামুন (৩৬) ও মাকসুদুর রহমান (২৫)। তাদের সবার লাশ এখন এই হাসপাতালের মর্গে আছে।

আহতদের মধ্যে ১৩ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। এখন এই হাসপাতালে ভর্তি আছেন ১০ জন। তাদের মধ্যে চারজন স্পেশাল কেয়ার ইউনিটে, একজন জেনারেল কেয়ার ইউনিটে এবং পাঁচজন জেনারেল ওয়ার্ডে।

Image
বনানীর এফআর টাওয়ারে লাগা আগুনে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: আসিফ মাহমুদ অভি

বনানীর এফআর টাওয়ারে লাগা আগুনে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: আসিফ মাহমুদ অভি

তাদের সবাই ধোঁয়ার কারণে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন। কারও অবস্থায়ই আশঙ্কাজনক নয়।

অ্যাপোলো হাসপাতালের জরুরি বিভাগের কর্মকর্তা কিশোর গোড়াল জানান, আহত নয়জন তাদের ওখানে ভর্তি আছেন। তাদের মধ্যে চারজনকে জেনারেল কেয়ার ইউনিটে রাখা হয়েছে। বাকি পাঁচজন ভর্তি আছেন জেনারেল ওয়ার্ডে। 

এছাড়া এই হাসপাতালে আনার পথে শাহেদা আমিনা ইয়াসমিন (৪৮) নামে একজন নারীর মৃত্যু হয়েছে।

Image
আগুন লাগায় বনানীর এফআর টাওয়ারে আটকা পড়াদের স্বজনদের আহাজারি। ছবি: আসিফ মাহমুদ অভি

আগুন লাগায় বনানীর এফআর টাওয়ারে আটকা পড়াদের স্বজনদের আহাজারি। ছবি: আসিফ মাহমুদ অভি

“তিনি আগুন লাগার পর ভবনের পাশে একটি কেবল বেয়ে নামতে গিয়ে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাকে অ্যাপোলোতে আনার পথে তিনি মারা গেছেন।”

এখন চিকিৎসাধীন সবাই আশঙ্কামুক্ত বলে জানান কিশোর।

বিকালে আহত পাঁচজনকে ঢাকা মেডিকল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাদের মধ্যে আব্দুল্লাহ আল ফারুক নামে একজনকে মৃত ঘোষণা করা হয়।

Image
রাজধানীর বনানীর এফআর টাওয়ারে আগুন লাগালে জীবনের ঝুঁকি নিয়ে যে যেভাবে পারেন, নেমে আসেন ভবন থেকে। ছবি: আসিফ মাহমুদ অভি

রাজধানীর বনানীর এফআর টাওয়ারে আগুন লাগালে জীবনের ঝুঁকি নিয়ে যে যেভাবে পারেন, নেমে আসেন ভবন থেকে। ছবি: আসিফ মাহমুদ অভি

সে সময় শরীরে জখম ও আঘাত নিয়ে ভর্তি হয়েছিলেন শ্রীলংকান নাগরিক সিরি ইন্দ্রিকা (৪৬), আবু হোসেন (৩৫), সাব্বির আলী মৃধা (২৫) ও রেজোয়ান আহমেদ (৩৭)। তাদের মধ্যে সিরি ইন্দ্রিকা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

পরে সন্ধ্যায় উদ্দীপন ভক্ত নামে একজন ফায়ার সার্ভিস কর্মীকে এই হাসপাতালে আনা হয়। এফ আর টাওয়ারে উদ্ধার অভিযানে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন তিনি।

Image
বনানীর এফআর টাওয়ার ও পাশের ভবন থেকে আটকে পড়া মানুষদের নামিয়ে আনছেন ফায়ার সার্ভিস কর্মীরা। ছবি: আসিফ মাহমুদ অভি

বনানীর এফআর টাওয়ার ও পাশের ভবন থেকে আটকে পড়া মানুষদের নামিয়ে আনছেন ফায়ার সার্ভিস কর্মীরা। ছবি: আসিফ মাহমুদ অভি

রাত সাড়ে ৮টার দিকে তৌকির ইসলাম রূপক (২১) ও আব্দুস সবুর (৪২) নামে আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তারা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন।

এছাড়া সন্ধ্যার দিকে ওই ভবন থেকে উদ্ধারের পর অজ্ঞাত পরিচয় (৪০) এক নারীর মরদেহ ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

Image
বনানীর এফআর টাওয়ারে লাগা আগুনে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: আসিফ মাহমুদ অভি

বনানীর এফআর টাওয়ারে লাগা আগুনে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: আসিফ মাহমুদ অভি

সম্মিলিত সামরিক হাসপাতালে পাঁচজন ভর্তি আছেন বলে আএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল ইসলাম খান জানিয়েছেন।

এদের বাইরে জসিম উদ্দিন ও রেজওয়ান ইসলাম নামে দুজন বনানী ক্লিনিকে ভর্তি আছেন। তারা আশঙ্কামুক্ত বলে সেখানকার কর্মকর্তারা জানিয়েছেন।