ছাত্রলীগ নেতা টিপুর মৃত্যুবার্ষিকী পালিত
ঢাকার সরকারি কমার্শিয়াল ইনস্টিটিউটের (বর্তমানে মোহাম্মদপুর সরকারি কলেজ) সাবেক ভিপি ছাত্রলীগ নেতা সাঈদ আহমেদ টিপুর ২০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে নানা কর্মসূচিতে।
১৯৯৯ সালের ১৩ মার্চ খিলক্ষেত এলাকায় সন্ত্রাসীদের হামলায় তিনি নিহত হন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার মোহাম্মদপুরে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এর মধ্যে ছিল মিলাদ মাহফিল, দোয়া অনুষ্ঠান, দুস্থদের মাঝে খাবার বিতরণ এবং রক্তদান কর্মসূচি।
আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এবং সংসদ সদস্য সাদেক খান মোহাম্মদপুরে শহীদ সালিমুল্লাহ রোড খেলার মাঠে অনুষ্ঠিত রক্তদান কর্মসূচি উদ্বোধন এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টুও উপস্থিত ছিলেন।
এই মাঠে কোরআন খতম ছাড়াও টিপুর বাসায় কোরআন খতম এবং বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছিল তার পরিবার। এতিম শিশুদের মধ্যে নতুন কাপড় বিতরণও করা হয়।
