ভোটের বছরে দুর্নীতি দমনে ‘খামোশ’ ছিল দুদক: চেয়ারম্যান
‘বিতর্কিত না হওয়ার চিন্তা’ থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে-পরের কয়েক মাস দুর্নীতি দমনে তৎপরতার ক্ষেত্রে দুদক ‘কিছুটা খামোশ’ ছিল বলে স্বীকার করেছেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে কমিশনের দুর্নীতিবিরোধী কৌশলপত্র-২০১৯ এর ওপর গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
সভায় গণমাধ্যম সংশ্লিষ্টরা দুর্নীতির বিরুদ্ধে দুদকের বিভিন্ন কাজের সমালোচনার পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে কমিশনের উদ্যোগের প্রশংসাও করেন।
ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত বলেন, দুদকের এক পরিসংখ্যান বলে ২০১৭ সালে দুর্নীতির অভিযোগে কয়েকশ আসামিকে গ্রেপ্তার করেছে সংস্থাটি, কিন্তু ২০১৮ সালে মাত্র ৫৮ জনকে গ্রেপ্তার করেছে দুদক।
“এর মানে দুর্নীতি কি কমে গেছে? মানুষের ধারণা, বাংলাদেশ রাষ্ট্রে দুর্নীতির বিচার হয় না। মানুষের এ রকম ধারণা দূর করতে হবে।”
দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, “২০১৮ সালে একটা ইলেকশন হয়েছে। আমরা বিতর্কিত হতে চাই না। গত ছয় মাস বা আট মাস ধরে আমাদের কার্যক্রম কিছুটা স্তিমিত দেখেছেন। এর মূল কারণ হল, একটি রাজনৈতিক পরিস্থিতি। সেই সাথে কিছু কার্যক্রম, আমি চিন্তা করলাম যে আমরা যেন বিতর্কিত না হয়ে যাই।
“এদিকে গেলে যদি ওই দিকে হয়, ওই দিকে গেলে যদি এদিকে হয়, এই চিন্তা করে কিছুটা খামোশ। সেই জন্য আমরা অত্যন্ত দুঃখিত, বাট ইট ইজ স্ট্র্যাটেজি আমরা মনে করি।”
এ বিষয়ে দুদক চেয়ারম্যান বলেন, “হুন্ডির মাধ্যমে এত টাকা পাচার হয়নি। টাকা পাচার হয়েছে শুধু ওভার ইনভয়েসিংয়ের কারণে।”
ওভার ইনভয়েসিংয়ের কারণে কী পরিমাণ জরিমানা করা হয়েছে সেই বিষয়ে এনবিআরের কাছে গত জানুয়ারি মাসের তথ্য দুদক চেয়েছে বলে জানান তিনি।
“আমরা এনবিআরের কাছে জানতে চেয়েছি যে উনারা কতগুলো ফাইন করেছে এক মাসে। আমরা এ রিপোর্টটা এখনও পাইনি। আমি সরকার ও এনবিআরকে বলতে চাই, আপনারা এই ফাইন যাদেরকে করেছেন, আমার কাছে মনে হয় তারাই মূলত অর্থপাচার করেছে।”
ওভার ইনভয়েসিংয়ের কারণে কোনো কোনো প্রতিষ্ঠানকে এনবিআর জরিমানা করলেও টাকা পাচারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে মনে করেন ইকবাল মাহমুদ।
তিনি বলেন, “আমরা জাস্ট বোঝার জন্য এক মাসের পরিসংখ্যান চেয়েছি। দেখি সেখানে কী আসে। এই রিপোর্ট দেওয়ার জন্য এনবিআরকে আমরা একবার মনে করিয়ে দিয়েছি। আমি এনবিআর চেয়ারম্যানকে বলতে চাই, এই রিপোর্টটা আমাদের দেন।”
অপরাধী না হয়েও জাহালমের তিন বছর কারাবাসের ঘটনায় দুদককে দায় নিতে হবে বলে মন্তব্য করেন সাংবাদিক শ্যামল দত্তসহ আরও বেশ কয়েকজন বক্তা।
এ বিষয়ে দুঃখ প্রকাশ করে দুদক চেয়ারম্যান বলেন, “জাহালমের মতো ঘটনা আমাদের গত ৫০ বছরের মধ্যে হয়নি। আমরা দায় এড়াতে চাই না, দায় যদি থাকে দায় আমরা নিব।”
জাহালমের ঘটনায় দুদকের অভ্যন্তরীণ তদন্ত কমিটি কাজ করছে জানিয়ে তিনি বলেন, ২২ মার্চের মধ্যে কমিটির তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে। ওই প্রতিবেদনের ওপর ভিত্তি করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
“উচ্চ আদালত যা করতে পারে আমরা তা করতে পারি না। আমাদেরকে নিয়ম মাফিক কাজ করতে হয়। তারপরও চারটি মামলায় জামিন করিয়ে দিয়েছি। আমরা তো ছাড়তে পারিনি, ছাড়ার ক্ষমতা তো আদালতের। যে কারণে কঠিন ছিল। বাকি ২২টি মামলা জামিনের জন্য পাইপ লাইনে ছিল।”
দুর্নীতির বিরুদ্ধে রাজনৈতিক সহযোগী দুদক পাচ্ছে কি না, বক্তারা এমন প্রশ্ন করলে দুদক চেয়ারম্যান বলেন, “নির্বাচনের পর থেকে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের যিনি প্রধান তিনি বার বার দুর্নীতির বিরুদ্ধে বলছেন, সুশাসনের কথা বলছেন। এর চেয়ে বড় পলিটিক্যাল সাপোর্ট আর কী হতে পারে? এছাড়া প্রতিটি পলিটিক্যাল পার্টি তাদের ইশতেহারে দুর্নীতির বিষয়টি অগ্রাধিকার দিয়েছে।”
বড় দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে দুদক সাফল্য দেখাতে পারছে না, সাংবাদিকদের এমন মন্তব্যের প্রেক্ষিতে দুদক চেয়ারম্যান বলেন, “এ বিষয়ে আমি একমত। তবে আমরা চেষ্টা করছি, আমাদের যতটুকু শক্তি ও সীমাবদ্ধতা আছে তা দিয়ে আমরা চেষ্টা করছি। এ বছরের মধ্যে আমরা দৃশ্যমান হয়ত কিছু দেখাতে পারব।”
ইটিভির প্রধান নির্বাহী সম্পাদক মনজুরুল আহসান বুলবুলের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে দুদক কমিশনার মো. মোজাম্মেল হক খান ও এএফএম আমিনুল ইসলাম, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, জিটিভির নির্বাহী সম্পাদক ইশতিয়াক রেজা প্রমুখ বক্তব্য দেন।
