২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকসু: আচরণবিধি করে দিয়েই নিশ্চিন্ত কর্তৃপক্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আচরণবিধি নির্ধারণ করে দিলেও তা অনেক প্রার্থীই মানছেন না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2019, 09:10 PM

Updated : 10 Oct 2022, 08:58 PM

ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধেই আচরণবিধি লংঘনের অভিযোগ সবচেয়ে বেশি। অপরদিকে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের মিছিলেও দেখা যাচ্ছে বহিরাগতদের। এই নির্বাচন ঘিরে দীর্ঘদিন পর ক্যাম্পাসে সরব হওয়া ছাত্রদলের মিছিল থেকে বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার মুক্তি চেয়েও স্লোগান দেওয়া হচ্ছে।

এক প্রার্থীর ব্যানার আড়াল করে অন্যজনের ব্যানার টাঙানো, চলাচলের পথ বন্ধ করে সভা-সমাবেশের মতো আচরণবিধি লংঘনের ঘটনা ঘটলেও এগুলোর বিরুদ্ধে কোনো পদক্ষেপই নিচ্ছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ব্যবস্থা না নেওয়ার কারণ জানতে চাইলে নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এস এম মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আচরণবিধি নির্ধারিত করে দিয়েছি। সবাইকে সেটা মানার আহ্বান জানিয়েছি আমরা। আচরণবিধি ভাঙার বিষয়ে কেউ লিখিত অভিযোগ করলে ব্যবস্থা নেব।”

Image
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে প্রার্থীদের ব্যানার-ফেস্টুনে ভরে গেছে ডাকসু নির্বাচনকে সামনে রেখে। ছবি: আব্দুল্লাহ আল মমীন

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে প্রার্থীদের ব্যানার-ফেস্টুনে ভরে গেছে ডাকসু নির্বাচনকে সামনে রেখে। ছবি: আব্দুল্লাহ আল মমীন

আচরণবিধি ভাঙার বিষয়ে স্বতঃপ্রণোদিত হয়ে কোনো উদ্যোগ নেওয়া হবে না বলেই জানান রিটার্নিং কর্মকর্তা।

২৮ বছর পর আগামী ১১ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং ১৮টি হল সংসদের নির্বাচন।

প্রায় তিন দশক অপেক্ষার এই ভোটে ডাকসু ও হল সংসদে মোট ৭৩৮ জন প্রার্থীর মধ্যে প্রত্যেক ভোটারকে ৩৮ জনকে বাছাই করতে হবে। চূড়ান্ত তালিকায় এবার মোট ভোটার সংখ্যা ৪৩ হাজার ২৫৫ জন।

মসজিদ বা মন্দিরের মতো ধর্মীয় ‍উপাসনালয়ে প্রচার-প্রচারণা নিষিদ্ধ হলেও শুক্রবার জুমার নামাজে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের মাইকেই নিজেদের প্যানেলের পক্ষে ভোট চাইতে শোনা যায় ছাত্রলীগ থেকে সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী গোলাম রাব্বানীকে।

এ বিষয়ে আচরণবিধির একটি ধারায় বলা আছে, “কোনো ধর্মীয় উপাসনালয়ে (যেমন- মসজিদ, মন্দির, গির্জা ইত্যাদি) কোনো প্রকার নির্বাচনী প্রচারণা চালানো যাবে না।”

কারো প্রচারণায় বাধা দেওয়া নিষিদ্ধ হলেও ছাত্রলীগের বাধায় বৃহস্পতিবার রাতে কুয়েত-মৈত্রী হলে পরিচিতি সভা করতে না পারার অভিযোগ করেছেন স্বাধিকার স্বতন্ত্র পরিষদের প্রার্থীরা।

হলের কয়েকজন শিক্ষার্থী জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে এক ঘন্টা হলের টিভি রুমে প্যানেল পরিচিত সভা করার জন্য রিটার্নিং কর্মকর্তা ইলা ইসমাইলের কাছ থেকে অনুমতি নিয়েছিলেন স্বতন্ত্র প্রার্থীরা।

Image
ডাকসু ও হল সংসদের নির্বাচনকে কেন্দ্র করে মাস্টারদা সূর্যসেন হলের সামনে লাগানো হয়েছে ব্যানার-ফেস্টুন-পোস্টার। ছবি: আব্দুল্লাহ আল মমীন

ডাকসু ও হল সংসদের নির্বাচনকে কেন্দ্র করে মাস্টারদা সূর্যসেন হলের সামনে লাগানো হয়েছে ব্যানার-ফেস্টুন-পোস্টার। ছবি: আব্দুল্লাহ আল মমীন

“কিন্তু ছাত্রলীগ মনোনীত হল সংসদের প্যানেল অনুমতি না নিয়েই সন্ধ্যা ৬টা থেকে হলের টিভি রুমে প্যানেল পরিচিতি সভা করে। স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তাকে জানালেও তিনি ছাত্রলীগের প্রার্থীদের অবহিত করেন। তবে তারা টিভি রুম ছাড়েননি,” বলেন স্বতন্ত্র প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী নুরুন্নাহার পলি।

এটা আচরণবিধির স্পষ্ট লংঘন দাবি করে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সভা করতে গিয়ে দেখি সেখানে ছাত্রলীগের প্যানেলের সভা চলছে। রিটার্নিং কর্মকর্তাকে জানালে তিনি আমাদের ছাড়া আর কাউকে অনুমতি দেননি বলে জানান। ছাত্রলীগ শেষ পর্যন্ত ওই জায়গা ছাড়েনি।”

কুয়েত মৈত্রী হলের রিটার্নিং কর্মকর্তা ইলা ইসমাইল এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। বক্তব্য নেওয়া সম্ভব হয়নি ছাত্রলীগ থেকে মনোনীত প্রার্থীদেরও।

চলাচলের পথে বাধা সৃষ্টি করে সমাবেশ এবং মঞ্চ তৈরি নিষিদ্ধ রয়েছে নির্বাচনী আচরণবিধিতে। কিন্তু বুধবার অপরাজেয় বাংলার সামনে বড় মঞ্চ তৈরি করে বড় আকারের প্যানেল পরিচিতি সভা করেন ছাত্রলীগ নেতাকর্মী ও প্রার্থীরা।

এদিকে টিএসসি এলাকায় স্বাধিকার স্বতন্ত্র পরিষদ থেকে জিএস প্রার্থী আসিফুর রহমানের ইশতেহার লেখা ব্যানার ঢেকে ছাত্রলীগের সভাপতি ও ভিপি প্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভনের বড় একটি ব্যানার টাঙানো থাকতেও দেখা গেছে।

Image
জগন্নাথ হলের সামনে ডাকসু নির্বাচনকে সামনে রেখে ব্যানার-ফেস্টুন-পোস্টার। ছবি: আব্দুল্লাহ আল মমীন

জগন্নাথ হলের সামনে ডাকসু নির্বাচনকে সামনে রেখে ব্যানার-ফেস্টুন-পোস্টার। ছবি: আব্দুল্লাহ আল মমীন

আচরণবিধি লংঘনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ছাত্রলীগের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস বলেন, “আচরণবিধির মধ্যে থেকেই আমরা প্রচারণা চালাচ্ছি। জিএস প্রার্থী মসজিদে ভোট চাননি, মুসল্লিদের কাছে দোয়া চেয়েছেন শুধু।”

আচরণবিধির একটি ধারায় ভোটের প্রচারে ভোটার ও প্রার্থী ছাড়া অন্যদের অংশগ্রহণ নিষিদ্ধ থাকলেও প্রতিদিনই ক্যাম্পাসে দেখা যাচ্ছে ছাত্রদলের বহিরাগতদের। ভোটের প্রচারে অংশ নেওয়ার পাশাপাশি ক্যাম্পাসে প্রচার মিছিলও করছেন তারা।

এ বিষয়ে ছাত্রদল থেকে ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বলেন, “বাইরের যেসব নেতাকর্মীরা আসছে, তারা ভোটের প্রচারে অংশ নিচ্ছে না। তারা কেবল দলীয় কর্মকাণ্ড চালাতে আসছেন।”

মিছিলও ভোটের বাইরে দলীয় কর্মকাণ্ডের অংশ হিসাবেই হচ্ছে বলে দাবি করেন তিনি।

ডাকসু ভোটের তিন দিন আগে ছুটির দিনেও প্রচার-প্রচারণায় সরগরম ছিল পুরো বিশ্ববিদ্যালয় এলাকা। পোস্টারের অবর্তমানে ব্যানারে ব্যানারে ছেয়ে গেছে পুরো ক্যাম্পাস।

বিকালে টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া চট্টগ্রাম বিভাগের শিক্ষার্থীদের নিয়ে একটি প্যানেল পরিচিত সভা করে ছাত্রলীগ।

অন্যদিকে বামপন্থি দুই জোটের ‘প্রগতিশীল ছাত্রঐক্য প্যানেলের’ প্রার্থীরা বিকালে রাজু ভাস্কর্যে তাদের প্যানেল পরিচিত সভা করেন।

সন্ধ্যায় টিএসসি থেকে প্রচার মিছিল বের করে জাতীয়তাবাদী ছাত্রদল; মিছিল থেকে বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তি চেয়েও স্লোগান দেন তারা।

আরও খবর

ডাকসু: ভোটের সময় বাড়ানোর পক্ষে ছাত্রলীগ ছাড়া বাকি সবাই