বৃষ্টিতে ধুয়ে গেল বইমেলা
ঠাণ্ডা বাতাস আর ক্ষণে ক্ষণে বৃষ্টিতে মানুষের আনাগোনা ছিল কম। উপরন্তু মাঠে জমেছিল পানি। আর ভিজে যাওয়া বই সামলাতে হিমশিম খাচ্ছিলেন মেলায় স্টল দেওয়া প্রকাশনার কর্মীরা।
এই বৈরী আবহাওয়াতে বুধবার নির্ধারিত সময়ের তিন ঘণ্টা আগেই বইমেলা বন্ধ ঘোষণা করে বাংলা একাডেমি।
বাংলা একাডেমির জনসংযোগ বিভাগের কর্মকর্তা পিয়াস মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কারণেই এই পদক্ষেপ।
বিকাল ৩টায় শুরু হয়ে বইমেলা শেষ হওয়ার কথা ছিল রাত ৯টায়। নিয়ম মেনে বিকাল ৩টায় মেলার দুয়ার খুললেও অধিকাংশ প্রকাশনা সংস্থা খুলতে পারেনি স্টলের ঝাঁপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর পাবলিশিং লিমিটেডের (বিপিএল) একজন বিক্রয় প্রতিনিধি বলেন, “ঝুম বৃষ্টিতে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের অনেক অংশে জমে গেছে পানি। ক্রেতা একেবারেই হাতেগোনা।”
বৃষ্টির কারণে সোহরাওয়ার্দী উদ্যানে একুশের বইমেলার বিভিন্ন স্টল ঢাকা পলিথিনে। বৃষ্টির কারণে বুধবার মেলা বন্ধ হয়ে যায় আগেই। ছবি: আব্দুল্লাহ আল মমীন
“অনেকগুলো প্রকাশনা স্টল খুললেও আজকে তেমন ক্রেতা নেই। বৃষ্টিতে অনেক বই নষ্ট হয়ে যাচ্ছিল। পরে স্টলগুলো বন্ধ করে দেওয়া হয়।”
বৃষ্টিতে মেলা প্রাঙ্গণে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয় বলেও জানান তিনি।
এর আগে ১৮ ফেব্রুয়ারি রাতে দমকা হাওয়া ও ঝড়ে গ্রন্থমেলার বেশ কয়েকটি স্টল ক্ষতিগ্রস্ত হয়। বৃষ্টিতে ভিজে নষ্ট হয় হাজারো বই।
প্রকাশকদের দাবি, এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছিল ।
বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন দাবি করে অনেক প্রকাশক গ্রন্থমেলার সময় বৃদ্ধির আবেদন জানালেও তা নাকচ করে দিয়েছে বাংলা একাডেমি।
রাজধানীতে মঙ্গলবার রাত থেকে বৃষ্টির কারণে একুশের বইমেলা প্রাঙ্গণে জমে থাকা পানি সরানোর কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: আব্দুল্লাহ আল মমীন
ফেব্রুয়ারি মাস শেষ হতে হাতে আছে আর একদিন। সেদিন অমর একুশে গ্রন্থমেলাতেও বাজবে বিদায় সুর।
অন্যান্য দিনের মত বৃহস্পতিবারও মেলা শুরু হবে বিকাল ৩টা থেকে। চলবে রাত ৯টা অবধি। আর রাতে ইতি টানা হবে মেলার।
এ উপলক্ষে ‘বাহান্ন থেকে একাত্তর বিজয় নতুন পর্ব’ শিরোনামে এক অনুষ্ঠানের আয়োজন রেখেছে বাংলা একাডেমি।
মেলার শেষ দিন বিকালে সংবাদ সম্মেলনে এবারের বই বিক্রির হালহকিকত জানানোর পাশাপাশি মেলার বইয়ের মান নিয়েও কথা বলবেন বাংলা একাডেমির মহাপরিচালক।
