কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গা তীরের ১২০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ
ঢাকার কামরাঙ্গীরচরে তিন দিনের অভিযানে বুড়িগঙ্গা তীরের ১২০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করার কথা জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ- বিআইডব্লিওটিএ।
বৃহস্পতিবার সকাল সোয়া ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত লোহারপুল ও লালবাগের কামালবাগ এলাকায় তৃতীয় দিনের অভিযান শেষে বিআইডব্লিউটিএ এর যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন এ তথ্য জানান।
তিনি বলেন, গত মঙ্গলবার থেকে কামরাঙ্গীরচরে তাদের তিন দিনের এ অভিযান ছিল দ্বিতীয় পর্যায়ের অভিযান।
দুই পর্যায় মিলিয়ে মোট এক হাজার ১৯৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, যার মধ্যে ১০৭টি পাকা ভবন, ১২১টি আধাপাকা স্থাপনা, ৮০টি স’ মিল, ৮টি কারখানাসহ কয়েকশ টিনের ঘর ও টংঘর রয়েছে।
বৃহস্পতিবার কামালবাগ, লোহারপুল, ছাতা মসজিদ এলাকায় অভিযান চালিয়ে মোট ২৯০টি স্থাপনা উচ্ছেদ করে বিআইডব্লিওটিএ।
তার আগে বুধবার কয়লাঘাট ও ইসলামবাগ এলাকায় ২১১টি এবং মঙ্গলবার নবাবচর এলাকায় ২৫২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
প্রথম দফার অভিযানে ২৯ জানুয়ারি থেকে তিন দিনে বুড়িগঙ্গা তীরের ৪৪৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়, যার মধ্যে বেশ কয়েকটি বহুতল ভবন রয়েছে।
এরপর তৃতীয় পর্যায়ের উচ্ছেদ অভিযান চালানো হবে ১২ থেকে ১৪ ফেব্রুয়ারি। ঢাকা নদী বন্দরের আওতাধীন এলাকায় ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলবে বলে বিআইডব্লিউটিএ-এর জনসংযোগ কর্মকর্তা মো. মোবারক হোসেন জানান।
