২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইজতেমা নির্ধারিত তারিখেই হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

তাবলিগ জামাতের এক পক্ষের মধ্যে বিশ্ব ইজতেমার তারিখ পেছানোর গুঞ্জন চললেও নির্ধারিত তারিখেই টঙ্গীর তুরাগ তীরে এই সম্মিলন হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2019, 05:13 PM

Updated : 18 Aug 2022, 04:48 PM

বিশ্ব ইজতেমা সামনে রেখে রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা রক্ষা, সার্বিক নিরাপত্তা, বিদেশি মেহমানদের জন্য ভিসার ব্যবস্থা করাসহ সার্বিক প্রস্তুতি নিয়ে এক সভার পর সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন তিনি।

প্রায় আড়াই ঘণ্টা বৈঠকের পর বেরিয়ে এসে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি সুষ্ঠু ও সুন্দরভাবে ইজতেমা অনুষ্ঠিত হবে। তাবলিগ জামাতের মধ্যে যে বিভেদ ছিল তা ইতোমধ্যে মিটে গেছে। ইজতেমার প্রস্তুতি চলছে।”

কয়েক লাখ লোকের জমায়েতের কারণে বিশ্ব ইজতেমাকে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম সম্মিলন বলা হয়। প্রতিবছর জানুয়ারি মাসে টঙ্গীতে বিশ্ব ইজতেমার আয়োজন হলেও তাবলিগ জামাতের নেতৃত্বের দ্বন্দ্বে এবার তা স্থগিত হয়ে যায়।

এর মধ্যে একটি পক্ষ টঙ্গীর ইজতেমা মাঠে জোড় ইজতেমা করার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যু হয়।

এরপর গত ২৪ জানুয়ারি ধর্ম মন্ত্রণালয়ে তাবলিগের দুই পক্ষের নেতাদের সঙ্গে বৈঠক করে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ এবারের ইজতেমার তারিখ ঘোষণা করেন।

কিন্তু এরপরও এক পক্ষের মধ্যে তারিখ নিয়ে ভিন্নমত থাকায় ইজতেমা পেছাতে পারে বলে গুঞ্জন ছিল। 

রোববারের সভার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আইনশৃঙ্খলার সার্বিক বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। এখন তাবলিগ জামাতের দুই পক্ষের দুইজন করে চারজন ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করছেন। আখেরি মোনাজাত কে করবেন, কে কোন অংশ পরিচালনা করবেন- তা তারা নির্ধারণ করবেন।”


মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ, ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, পুলিশ প্রধান, র‌্যাব প্রধান, ডিএমপি কমিশনার উপস্থিত ছিলেন এ বৈঠকে।

তাবলিগ জামাতের দুই পক্ষের নেতাদের মধ্যে ছিলেন সৈয়দ ওয়াসিফুল ইসলাম ও খান শাহাবুদ্দিন নাসিম এবং মাওলানা জুবায়ের ও মাওলানা ওমর ফারুক।

পরে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ সাংবাদিকরদের বলেন, “তাবলিগ জামায়াতের এখন আর কোনো বিরোধ নেই। দীর্ঘ সময় ধরে আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা আরেক দিন বসে বাকি কাজগুলো সম্পন্ন করব।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্য বছর টঙ্গীর মাঠ তাবলিগের লোকজন ঠিকঠাক করলেও এবার গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও ক্রীড়া প্রতিমন্ত্রী সার্বিক আয়োজনের বিষয়গুলো দেখবেন।  তাবলিগের দুই পক্ষের মধ্যে ‘পূর্ণাঙ্গ ঐকমত্য’ না হওয়ায় এ ব্যবস্থা হয়েছে বলে জানান তিনি।