২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব

বাংলাদেশে আলোকচিত্রীদের চর্চা বাড়ানোর লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি প্রথমবারের মতো আয়োজন করেছে ডিইউপিএস ঢাকা আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2019, 01:32 AM

Updated : 18 Aug 2022, 04:46 PM

চার দিনের এই উৎসব শুরু হয়েছে রোববার একযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র, চারুকলা অনু্ষদের বকুলতলায় এবং শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে উৎসব উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। 

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রদর্শনী উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম।

অধ্যাপক আখতারুজ্জামান বলেন, “আলোকচিত্র শিল্প বর্তমানে তরুণদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। লেখাপড়ার পাশাপাশি ছবি তোলা শিক্ষার্থীদের এক ধরনের সৃজনশীল কাজ। দক্ষতা ও সুন্দর মন থাকলেই কেবল ছবি তোলা সম্ভব।”

দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এই আলোকচিত্র উৎসবে একক ক্যাটাগরি ও পোর্টফলিও ক্যাটাগরিতে বাংলাদেশসহ বিশ্বের সাতটি দেশের আলোকচিত্রীদের ১৪৫টি একক আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে। 

ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটির (ডিইউপিএস) দ্বাদশ বার্ষিক আলোকচিত্র প্রদর্শনীর জন্য নির্বাচিত আলোকচিত্রগুলোও প্রদর্শিত হচ্ছে উৎসবে।

একক ক্যাটাগরিতে দেশ ও বিদেশের আলোকচিত্রীদের ৬৫৩৭টি আলোকচিত্রের মধ্যে ১১১টি আলোকচিত্র, পোর্টফোলিও ক্যাটাগরিতে দেশ ও বিদেশের আলোকচিত্রীদের ৯৭টি ফটো স্টোরির মধ্যে ১৬টি এবং ডিইউপিএস  সদস্যদের ৩৪টি আলোকচিত্র বাছাই ও নির্বাচন করেন পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া সেন্টারের অধ্যক্ষ আলোকচিত্রী আবীর আব্দুলাহ, কাউন্টার ফটোর অধ্যক্ষ সাইফুল হক অমি এবং আলোকচিত্রী তাসলিমা আখতার। 

প্রতিযোগিতামূলক এই আলোকচিত্র উৎসবের শেষ দিন আটজন আলোকচিত্রীকে পুরস্কৃত করা হবে। 

উৎসবের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হবে এবং বাংলাদেশের আলোকচিত্র আন্দোলনের পথিকৃৎ মনজুর আলম বেগকে আজীবন সম্মাননা (মরণোত্তর) দেওয়া হবে।

এবারের ডিইউপিএস ঢাকা আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ২০১৯ এর মিডিয়া পার্টনার হিসেবে আছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।