ভোটের ছুটি কাটিয়ে ফিরতি মানুষে সরব হচ্ছে ঢাকা
ভোট দিতে রাজধানী ছেড়েছিলেন বিভিন্ন শ্রেণি-পেশাজীবীর মানুষ। নির্বাচনী ছুটি কাটিয়ে ঢাকা ফেরা সেই সব মানুষের পদচারণায় স্বরূপে ফিরছে নগরী।
সাপ্তাহিক ছুটির দুদিন, রোববার ভোটের দিন মিলিয়ে টানা তিন দিনের ছুটি মিলেছিল দেশবাসীর। ব্যাংক হলিডের কারণে ২৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর টানা চার দিন (শুক্রবার থেকে সোমবার) বন্ধ থাকছে আর্থিক লেনদেন। এর আগে ২৫ ডিসেম্বর ছিল বড় দিনের ছুটি।
সব মিলিয়ে বছরের শেষে এসে ছুটিছাটার আমেজেই ছিল নগরবাসী। আর তাতে ফাঁকা হয়ে এসেছিল রাজধানী।
মানুষের ভিড় আর পরিবহনের চাপ খুব বেশি দেখা না গেলেও ভোট দেওয়া শেষে এবং ব্যাংক হলিডের শেষ দিন সোমবার পার হতে না হতে নীরব রাজধানীতে দেখা দিচ্ছে চিরাচরিত চাঞ্চল্যের ঝলক।
সোমবার দিনের শুরু থেকে বাস, লঞ্চ এবং ট্রেনে করে রাজধানীতে ফিরতে শুরু করেছে লোকজন। বিভিন্ন অফিস-আদালত চালু হওয়ায় বাসা থেকে বের হচ্ছেন রাজধানীতে থেকে যাওয়া লোকজনও।
সকাল থেকে রাজধানীর আজিমপুর, শাহবাগ, গুলিস্তান, বাংলামোটর, মগবাজার, শান্তিনগর, মিরপুরের পল্লবী-কালশি রোড, বনানী, গুলশান, বাড্ডা, মহাখালী এলাকা ঘুরে দেখা গেছে, বিভিন্ন মার্কেটের কিছু দোকানপাট খুলতে শুরু করেছে।
আভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিবহন পরিদর্শক পিএম সিদ্দিকুর রহমান বলেন, সকাল থেকে সদরঘাটে অনেকগুলো লঞ্চ সদরঘাটে ভিড়েছে।
“সপ্তাহের মাঝামাঝি সময়ে যাত্রীদের আসার তেমন চাপ থাকে না। কিন্তু আজ ঢাকায় আসা সবগুলো লঞ্চেই যাত্রীদের ভিড় ছিল।”
ভোটের দিন সকল ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা ছিল। চলেনি উবার, পাঠাওসহ বিভিন্ন রাইড শেয়ারিং সেবার বাহনও।
তবে রোববার মাঝরাত থেকেই দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে বলে জানান ইউনিক পরিবহনের মহাব্যবস্থাপক আবদুল হক।
“ঢাকা থেকে যাওয়ার যাত্রী তেমন ছিল না। আসার পথেও তেমন চাপ নেই। তবে আজ সকাল থেকেই ভিড় হবে।”
রাজধানীর মোহাম্মদপুর থেকে মতিঝিল পর্যন্ত চলাচলকারী মৈত্রী পরিবহনের মজনু মোল্লা বলেন, সকাল থেকে রাজধানীর বিভিন্ন রুটে বাস চলাচল শুরু হয়েছে।
“যাত্রীও পাওয়া যাচ্ছে মোটামুটি। তবে স্বাভাবিক ভিড়ের তুলনায় কম।”
সকালে গাড়ি চালালেও বিকেলের পর তা বন্ধ করে দেওয়ার কথা জানালেন বিহঙ্গ পরিবহনের চালকের সহকারী জামাল হোসেন।
“সকাল থেকে যাত্রী ছিল মোটামুটি। গাড়ি পুরা হয় না। তয় থার্টি ফাস্টের কারণে বিকালের পরে মনে হয় চালাইতে পারুম না।”
শাহবাগ থানার ওসি আবুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচন ও নির্বাচনের পর আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে কীভাবে শ্রেণিবিন্যাস করা হবে সেভাবেই আমরা এগুচ্ছি।
“জনগণের জানমালের কোনো ধরনের যেন ক্ষতি যেন না হয় সেদিকে আমরা নজর রাখছি। রাজধানীতে নির্বাচনের আগে যে পরিমাণ লোকজনের চলাফেরা ছিল এখন তা নাই।”
