আশুলিয়ায় অগ্নিদগ্ধ একজনের মৃত্যু
ঢাকার আশুলিয়ায় রান্নাঘরে জমা গ্যাস থেকে ঘরে আগুন লেগে দগ্ধ পরিবারের পাঁচ সদস্যের একজন মারা গেছেন।
শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় হাসিনা বেগমের (৪০), আগুনে তার শরীরের ৯৬ শতাংশ পুড়েছিল।
শুক্রবার গ্যাস থেকে সৃষ্ট আগুনে হাসিনাসহ তার স্বামী আরব আলী (৫০), তাদের ছেলে আব্দুর রব (৩০), তার স্ত্রী রিপা আক্তার (২৫) ও মেয়ে আয়েশা আক্তারও (২) অগ্নিদগ্ধ হন। তারা ঢাকা মেডিকেলে ভর্তি আছেন। তাদের বাড়ি চুয়াডাঙ্গার জীবননগরে।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে জানান, আরব আালীর শরীরের ৬০ শতাংশ, রবের ৮৮ শতাংশ, রিপার ৭ শতাংশ ও শিশু আয়েশার শরীরের ৩২ শতাংশ পুড়েছে।
আহতদের স্বজনদের বরাত দিয়ে বচ্চু মিয়া বলেন, “সকাল আনুমানিক ৭টার দিকে হাসিনা বেগম রান্না ঘরে গিয়ে চুলায় আগুন জ্বালাতেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পরে। স্থানীয়রা তাদের দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসে।”
