চাকরিতে ঢোকার বয়স ৩৫ করার দাবিতে বিক্ষোভ
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ন্যূনতম ৩৫ বছর করার দাবিতে বিক্ষোভ সমাবেশে করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ থেকে চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির নানা যুক্তি তুলে ধরেন সংগঠনটির নেতারা।
এছাড়া সরকারি ও বেসরকারি বিভিন্ন ক্যাটাগরিতে অভিজ্ঞতার আলোকে অবসরের বয়স ৫৯ বছর এবং প্রতিবন্ধী, আদিবাসী, নারী, জেলাসহ সকল কোটার গ্রহণযোগ্য পুনির্বিন্যাসের দাবি জানানো হয়েছে এ সমাবেশ থেকে।
ছাত্র পরিষদের সভাপতি মো. আল আমিন রাজু বলেন, প্রাথমিক পর্যায়ে ভর্তি হওয়ার ন্যূনতম বয়স এখন ছয় বছর। ফলে কোনো শিক্ষার্থী ১৬ বছর বয়স হওয়ার আগে এসএসসি পাস করতে পারবে না। তাছাড়া স্নাতক ও সম্মান শ্রেণির লেখাপড়ার সময় এক বছর করে বাড়িয়ে যথাক্রমে তিন বছর ও চার বছর করা হয়েছে।
“চিকিৎসা পেশায় প্রবেশের বয়সসীমা ৩২ করা হয়েছিল, কারণ তাদের আগে থেকে চার বছরের স্নাতক কোর্সে পড়তে হচ্ছে। অন্যদের স্নাতক ও সম্মান কোর্সের মেয়াদ এক বছর করে বাড়ানো হলেও চাকরিতে প্রবেশের সময় বাড়ানো হয়নি।”
আল আমিন রাজু বলেন, এসএসসি, এইচএসসি এবং অনার্স বা ডিগ্রী এবং মাস্টার্সে ফলাফল বের হওয়ার মধ্যবর্তী দুই বছর সময় নষ্ট হয়। প্রচলিত নিয়মে ২৩ বছরে পড়াশুনা শেষ করার কথা থাকলেও বাস্তবে ২৭ থেকে ২৮ বছরের আগে কোনো শিক্ষার্থীর শিক্ষা জীবন শেষ হয় না।
তাছাড়া সেশনজট, রাজনৈতিক অস্থিরতা, পিএসসির যথাসময়ে নিয়োগ পরীক্ষা নিতে না পারাসহ বিভিন্ন কারণ দেখিয়ে চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর দাবি জানান তিনি।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম সেলিম বলেন, “শিক্ষিত তরুণদের জাতির জন্য অভিশাপ নয় আশীর্বাদ হিসেবে গড়ে তুলতে তাদের সামনে চলার পথকে কণ্টকমুক্ত করতে হবে। চাকরিতে প্রবেশের বসয়সীমা ৩৫ বছর করতে হবে।”
বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাস করা অর্ধশতাধিক চাকরিপ্রত্যাশী বিক্ষোভ সমাবেশে অংশ নেন।
সরকারি চাকরি শুরু করার বয়স-সীমা বাড়ানোর দাবিতে গত ছয় বছর ধরে আন্দোলন করে আসছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ।
জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির গত জুনে এক সভায় সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার সুপারিশ করে।
এরপর সরকার বিষয়টি নিয়ে আলোচনা শুরু করলেও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত অগাস্টে ইঙ্গিত দেন, বর্তমান সরকারের মেয়াদে বয়স সীমা বাড়ছে না।
