৫ দপ্তরে নতুন সচিব, দুটিতে মহাপরিচালক
জনপ্রশাসনে রদবদলে নতুন সচিব পেয়েছে জাতীয় সংসদ সচিবালয়, বাণিজ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ।
স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব জাফর আহমেদ খানকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের সচিবের দায়িত্ব পেয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের জ্যেষ্ঠ সচিব এস এম গোলাম ফারুক।
জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক মো. কামাল উদ্দিনকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব করা হয়েছে।
পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মো. ফয়জুল্লাহ হয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব।
আর বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুল ইসলামকে দেওয়া হয়েছে স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের দায়িত্ব।
অন্যদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সত্যব্রত সাহাকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক করেছে সরকার।
এছাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কাশেমকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।
