২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৎস্য সঙ্গনিরোধ বিল পাস

বাংলাদেশে বিপজ্জনক মৎস্য প্রজাতির অনুপ্রবেশ ঠেকাতে জাতীয় সংসদে মৎস্য সঙ্গনিরোধ বিল ২০১৮ পাস হয়েছে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2018, 10:18 PM

Updated : 19 Aug 2022, 02:48 PM

Image
জাতীয় সংসদে চলছে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট উপস্থাপন। বৃহস্পতিবারে ছবি।

জাতীয় সংসদে চলছে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট উপস্থাপন। বৃহস্পতিবারে ছবি।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ রোববার বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। বিলটি গত ২১ অক্টোবর সংসদে উত্থাপন করা হয়। পরে সেটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

মাছ আমদানির সময় কোনো ক্ষতিকারক জীবাণু যাতে না আসে, তা ঠেকাতে এই নতুন আইনটি পাস করা হয়েছে।  এই আইনের অধীনে একটি সঙ্গনিরোধী কর্তৃপক্ষ হবে, মৎস্য অধিদপ্তর এই দায়িত্ব পালন করবে।

অন্য দেশ থেকে বাংলাদেশে মৎস্যের রোগ-জীবাণু অনুপ্রবেশ ও বিস্তার রোধকল্পে মৎস্য, মৎস্যপণ্য, উপকারী জীবাণু বা প্যাকিং দ্রব্যাদির আমদানি নিয়ন্ত্রণ করাসহ কর্তৃপক্ষকে ১০টি দায়িত্ব দেওয়া হয়েছে। এ সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তি আপিল করতে পারবে, যা ৯০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে।

বিলে মৎস্য বলতে সব ধরনের কোমল ও কঠিন অস্থিবিশিষ্ট মাছ, স্বাদু ও লবণাক্ত পানির চিংড়ি, উভচর জলজ প্রাণী, কচ্ছপ, কুমির, কাঁকড়া জাতীয় প্রাণী, শামুক বা ঝিনুক জাতীয় জলজ প্রাণী, ব্যাঙ বা সরকারি প্রজ্ঞাপন দ্বারা ঘোষিত জলজ প্রাণীকে বোঝাবে।

অনুমতি ছাড়া মৎস্যপণ্য আমদানি করলে সর্বনিম্ন এক বছর ও সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়া হবে।

মৎস্য গবেষণা ইনস্টিটিউট বিল পাস

এদিকে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বিল-২০১৮ সংসদে পাস হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বিলটি পাসের প্রস্তাব করে তা কণ্ঠভোটে পাস হয়।

গত ২১ অক্টোবর বিলটি সংসদে উত্থাপনের তা পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

এর আগে গত ১৩ আগস্ট প্রস্তাবিত আইনটি মন্ত্রিসভায় অনুমোদিত হয়।

এই ইনস্টিটিউট ১৯৮৪ সালের একটি অর্ডিন্যান্স দ্বারা প্রতিষ্ঠিত হয়। প্রধান সদর দপ্তর ময়মনসিংহে। বিল অনুযায়ী এটি একটা কাউন্সিলের মাধ্যমে পরিচালিত হবে।

ইনস্টিটিউটে একজন মহাপরিচালক থাকবেন যিনি এর সার্বক্ষণিক নির্বাহী প্রধান হিসেবে কাজ করবেন।

ইনস্টিটিউটের একটি পরিচালনা বোর্ড থাকবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পদাধিকার বলে এই পরিচালনা বোর্ডের চেয়ারম্যান। প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী থাকলে ওনারা ভাইস চেয়ারম্যান। স্পিকার মনোনীত দু’জন সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি বোর্ডের ভাইস চেয়ারম্যান এবং নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের মহাপরিচালক এর সদস্য থাকবেন। ইনসিটটিউটের মহাপরিচালক বোর্ডের সদস্য সচিব হবে।

বিলে বলা হয়েছে, ইনস্টিটিউটে কর্মরত বৈজ্ঞানিক কর্মকর্তা বা তদুর্ধ্ব পর্যায়ের বৈজ্ঞানিক কর্মকর্তা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিজ্ঞান, প্রযুক্তি, মৎস্য শিল্প স্থাপন বা অনুসন্ধান বা পরামর্শ দিলে বোর্ড নির্ধারিত হারে ফি প্রাপ্য হবে।