জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড: তরুণকণ্ঠে মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়
শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, বিজ্ঞান-প্রযুক্তি, নারীর ক্ষমতায়ন ও সামাজিক বৈষম্য হ্রাসে বাংলাদেশ এগিয়ে গেলেও তরুণরা বলছেন, আগামীতে এক ‘মানবিক মূল্যবোধের বাংলাদেশ’ নির্মাণ করবেন তারা।
সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে ইয়াং বাংলা আয়োজিত ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের’ প্রথম দিনের আসরে তরুণদের কণ্ঠে ধ্বনিত হয় এই প্রত্যয়।
শনিবার বিকালে ‘লেটস টক’ শিরোনামের এই অধিবেশনে প্যানেল আলোচক হিসেবে ছিলেন এভারেস্টজয়ী নিশাত মজুমদার, নারী উদ্যোক্তা ভাষাণী আক্তার, জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডজয়ী উম্মে সায়মা জয়া, আনিস মোরশেদ, কুমার বিশ্বজিৎ বর্মণ।
অধিবেশনে আলোচনা হয় মানসিক ও শারীরিক স্বাস্থ্য উন্নয়নের মাধ্যমে সার্বিক উন্নয়ন, শিক্ষা-দক্ষতা ও কর্মসংস্থান, সু-নাগরিক হিসেবে তরুণদের ভূমিকা এবং তরুণদের চোখে আগামীর বাংলাদেশ নিয়ে।
অধিবেশনের শেষ আলোচ্য বিষয় ‘তরুণদের চোখে আগামীর বাংলাদেশ’ নিয়ে আলোচনা করতে গিয়ে নিশাত মজুমদার বলেন, “আমরা আজকে আকাশসীমা জয় করে মহাকাশও জয় করতে চলেছি। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বস্ত্র, বাসস্থান- এসব মৌলিক চাহিদা পূরণেও একদিন শিখরে পৌঁছে যাব আমরা।
সিরিয়া, ইয়েমেনসহ মধ্যপ্রাচ্যের নানা দেশে সংঘাতের কথা তুলে ধরে নিশাত বলেন, “আমাদের দেশের তরুণদের কাজ করার সুযোগ রয়েছে সেখানে। বিশ্বের নানা প্রান্তে যখন সংঘর্ষ আর যুদ্ধ বাঁধছে, তখন আমাদের তরুণরা সেখানে পৌঁছে যেতে পারে প্রীতির বার্তা নিয়ে।”
উম্মে সালমা জয়া কথা বলেন শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক কার্যক্রমের প্রয়োজনীয়তা নিয়ে। কুমার বিশ্বজিৎ কথা বলেন বাল্য বিবাহ প্রতিরোধে প্রান্তিক অঞ্চলে সামাজিক সচেতনতা কার্যক্রম নিয়ে।
ভাষানী আক্তারের বক্তব্য ছিল খেলাধুলার মাধ্যমে শৈশবেই শিশুকে কিভাবে নৈতিক শিক্ষা দেওয়া যায়, তার উপায় নিয়ে।
দর্শক সারি থেকে প্রযুক্তি ফাউন্ডেশনের তানজিমা রহমান বলেন, গতানুগতিক ধারার শিক্ষাধারায় কিভাবে পরিবর্তন আনা যায়।
আলোচনার শেষ দিকে উম্মে সালমা জয়া বলেন, “সমতা আসতে হবে ধনী-দরিদ্রে, সম্প্রদায়ে; সমতা আসতে হবে সাক্ষরতার হারে। সমতা এলেই আসবে সামঞ্জস্য। এতেই না হবে আমাদের আগামীর বাংলাদেশ।”
এর আগে সকাল থেকে শুরু হয় জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের কার্যক্রম। সকালে ‘ক্যারিয়ার টক অ্যাট এইচআর টেন্ট’ অধিবেশনে অংশ নেন ইয়াং বাংলার ২০০ তরুণ, যেখানে উপস্থিত ছিলেন ২০১৫ এবং ২০১৭ সালের ইয়ুথ অ্যাওয়ার্ডবিজয়ী ৬০ জন।
একজন সাধারণ তরুণ থেকে উদ্যোক্তা হয়ে ওঠার গল্প শোনান তারা। সেই সঙ্গে তাদের চলার পথে বিভিন্ন প্রতিবন্ধকতা ও সেগুলো থেকে রক্ষা পাওয়ার কলাকৌশল নিয়েও আলোচনা করেন। আলোচনা হয় নতুন কর্মী নিয়োগ, বাছাই থেকে শুরু করে মানবসম্পদ উন্নয়ন কার্যক্রম নিয়ে। অধিবেশন পরিচালনা করেন সিআরআইয়ের গবেষক রেন্ডি গডফ্রে।
২৪ অক্টোবর আবেদনের সময়সীমা শেষ হলে শুরু হয় বাছাই কার্যক্রম। প্রাথমিক পর্যায়ে পাওয়া ২৫০০ আবেদনপত্র থেকে বাছাই করা হয় ১০০টিকে।
এরপর এসব প্রতিষ্ঠান ও সংগঠনের কার্যক্রম ঘুরে দেখে সমাজে তাদের প্রভাব এবং কার্যকারিতা বিবেচনা করে ৫০টি প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়।
শনিবার দিনের শেষ অধিবেশনে সেই ৫০ প্রতিষ্ঠানকে দেওয়া হবে সনদ।
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এবং ইয়াং বাংলার পার্টনাররা এই সনদ দেবে।
সনদ নেওয়ার পর নিজেদের অভিজ্ঞতা উপস্থাপন করবেন এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এছাড়াও নিজেদের অ্যাওয়ার্ড বিজয়ের অভিজ্ঞতার কথা জানাবেন ২০১৫ ও ২০১৭ সালের বিজয়ীরা।
দ্বিতীয় দিন শুরু হবে নারী অধিকার ও সুরক্ষায় সচেতনতা বিষয়ক অধিবেশনে।
নারীর প্রতি সহিংসতা রুখতে ‘#BeBrave’ শিরোনামে আয়োজিত দুই ঘণ্টার অধিবেশনে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ মো. শাইখ ইমতিয়াজ।
রোববার বিকাল ৪টায় জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০১৮ বিজয়ীদের ৩০ প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে শীর্ষ ১০ প্রতিষ্ঠানকে অ্যাওয়ার্ড দেবেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
সনদপ্রাপ্ত ৫০ প্রতিষ্ঠান থেকে এই ৩০টি প্রতিষ্ঠানকে বেছে নেওয়া হবে।
ইয়াং বাংলার এই আয়োজনে মিডিয়া পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
২০১৫ সালে প্রথমবার জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের আয়োজনে ১৫০০ আবেদন থেকে ৩০ জন তরুণ ও তাদের প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।
এক বছর বিরতি দিয়ে ২০১৭ সালে আবারও আয়োজন করা হয় জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের। সেই আসরে ৩০ জন তরুণকে দেওয়া হয় পুরস্কার। তবে বদলে যায় নিয়ম। ব্যক্তি পর্যায়ে পুরস্কৃত না করে প্রতিষ্ঠান ও সংগঠনকে পুরস্কার দেয় ইয়াং বাংলা।
