২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়কের অবস্থা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হচ্ছে: সাঈদ খোকন

সড়কে শৃঙ্খলা ফেরাতে কোম্পানির মাধ্যমে বাস পরিচালনায় কমিটি গঠন করা হয়েছে জানিয়ে বাসের ‘অসুস্থ’ প্রতিযোগিতা বন্ধে কাজ করার আশ্বাস দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2018, 07:59 PM

Updated : 19 Aug 2022, 02:46 PM

সোমবার জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নগর ভবন থেকে শোভাযাত্রার উদ্বোধনের সময় তিনি বলেন,  “বর্তমানে সবচেয়ে আলোচিত হয়ে দাঁড়িয়েছে সড়কের নিরাপত্তা। কিছুদিন আগে শিক্ষার্থীরা এজন্য রাস্তায়ও নেমেছে।” 

সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রাতিষ্ঠানিক উদ্যোগের পাশাপাশি জনসম্পৃক্ততায় জোর দিয়ে মেয়র বলেন, “আমাদের সড়ক ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর অবস্থায় চলে যাচ্ছে। শুধুমাত্র প্রতিষ্ঠানিক উদ্যোগই সড়কের নিরাপত্তার জন্য যথেষ্ট নয়। এজন্য সবাইকে সচেতন হতে হবে। সড়ক দুর্ঘটনার জন্য নাগরিকদের ফুটওভারব্রিজ ব্যবহার না করাও দায়ী।” 

সড়কে নিরাপত্তা আনতে সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “আমরা উত্তর ও দক্ষিণ সিটিসহ সবাই মিলে সড়কের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছি। এরই মধ্যে কোম্পানির মাধ্যমে বাস পরিচালনার জন্য আমাকে প্রধান করে ১০টি সংস্থার প্রধানকে নিয়ে কমিটি গঠন করে দেওয়া হয়েছে। আমাদের কমিটি কাজ করে চলছে।

“আগামী দুই বছরের মধ্যে ঢাকা ও আশপাশের সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে আমরা কাজ করব। ঢাকা শহরে নতুন সাড়ে চার হাজার বাস নামাব। বাসগুলো যাতে অসুস্থ প্রতিযোগিতা করতে না পারে সে জন্য কাজ করব।”

অনুষ্ঠানে অভিনেত্রী সারাহ যাকের বলেন, “বাংলাদেশ এগিয়ে যাওয়ার পাশাপাশি যানবাহনও বাড়ছে। পাশাপাশি বাড়ছে দুর্ঘটনা। এজন্য আমাদেরকে সচেতন হতে হবে। আমরা চাই ঢাকার পাশাপাশি দেশের সব সড়ক নিরাপদ হোক।”
এর আগে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নগর ভবনের সেমিনার কক্ষে সেমিনার হয়। এতে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বিলাল সড়কে শৃঙ্খলা ফেরাতে নানা উদ্যোগের কথা তুলে ধরেন। 
অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, সচিব শাহাবুদ্দিন খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
নগর ভবনের সামনে থেকে সচেতনতামূলক একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বঙ্গবাজার মোড় ঘুরে আবার নগরভবনে এসে শেষ হয়।
নিরাপদ সড়কের আন্দোলনের ধারাবাহিকতায় প্রতি বছর ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়। গত ২৫ বছর ধরে নিরাপদ সড়ক চাই (নিসচা) দিবসটি পালন করে আসলেও গত বছর ৫ জুন মন্ত্রী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে দিবসটিকে স্বীকৃতি দেওয়া হয়।

এবছর দেশব্যাপী সরকারিভাবে দ্বিতীয়বারের মতো ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ পালিত হচ্ছে।