যশোর-সুনামগঞ্জ পদযাত্রার কর্মসূচি জমিয়তুল উলামার
সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে যশোর থেকে সুনামগঞ্জ পর্যন্ত চার দিনের পথযাত্রা করার ঘোষণা দিয়েছে কওমি মাদ্রাসাভিত্তিক ইসলামী সংগঠন বাংলাদেশ জমিয়তুল উলামা।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মলনে সংগঠনটির চেয়ারম্যান মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ এই কর্মসূচি ঘোষণা করেন।
আগামী ৬ অক্টোবর যশোর থেকে এই পদযাত্রা শুরু হয়ে ৯ অক্টোবর সুনামগঞ্জে পৌঁছবে। যাত্রা শুরুর আগে যশোরের চাঁচড়ার মোড়ে পথসভা হবে। ৯ অক্টোবর সুনামগঞ্জের পুরান বাসস্ট্যান্ডে হবে সমাপনী জনসভা।
মাওলানা মাসঊদ বলেন, “কওমি শিক্ষাসনদের স্বীকৃতি প্রদান করায় দেশের আলেম উলামাদের প্রতি সরকারের আন্তরিকতাপূর্ণ হৃদ্যতা প্রকাশ পেয়েছে। আলেম উলামা ও অভিভাবকদের দীর্ঘদিনের দাবি কওমি মাদরাসার সনদের স্বীকৃতি দেওয়ায় এই পদযাত্রার মাধ্যমে বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপনও করা হবে।”
নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী এ পদযাত্রা কি না- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “এই পদযাত্রা নিয়ে অনেক দিন ধরে ভাবছি। এর মধ্যে আমি অসুস্থ ছিলাম। আবার নির্বাচনও যেহেতু সামনে, এসব ব্যাপারে মানুষকে সচেতন করা দরকার।”
তিনি বলেন, “ভোট মানুষের আমানত, ব্যক্তিকে চিন্তা করে মানুষ যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আর সকল রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান আপনারা দুর্নীতিবাজদের মননোয়ন দেওয়া থেকে বিরত থাকবেন।”
জঙ্গিবাদ ও সন্ত্রাসের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই মন্তব্য করে মাওলানা মাসঊদ বলেন, “এরা ইসলাম ও মানবতার দুশমন।”
মাদকের বিরুদ্ধে অবস্থান জানালেও বন্দুকযুদ্ধ বা ক্রসফায়ারে এর সমাধান আসবে না বলে মনে করেন তিনি।
“মাদক ব্যবহারকারী কমাতে হবে। নৈতিক দিকে যুব সমাজকে ধাবিত করতে পারলে মাদকের সমস্যার সমাধন সম্ভব।”
দেশে দুর্নীতির ব্যাপকতা বেড়ে গেছে দাবি করে মাওলানা মাসঊদ বলেন, “দুর্নীতির ব্যাপকতাকে আমাদের কেউ স্বীকার করছে না। শুধু সরকারি প্রতিষ্ঠানেই নয়, বেসরকারি প্রতিষ্ঠানে ও ব্যবসায়ীরাও দুর্নীতিতে জড়িত। এই দুর্নীতি বন্ধ করতে এই পদযাত্রা ও সমাবেশের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধেও একটা আওয়াজ তুলতে চাই।”
