তথ্য অধিকার দিবসে নানা কর্মসূচি
বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে তিন দিনের কর্মসূচিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন করছে সরকার।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন।
২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। অবাধ তথ্য প্রবাহ এবং তথ্যে সার্বজনীন প্রবেশাধিকার নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ‘মুক্ত সমাজের জন্য উত্তম আইন, টেকসই উন্নয়নে তথ্যে অভিগমন’ প্রতিপাদ্যে দিবসটি পালন করা হচ্ছে।
এবার এই দিবসের স্লোগান ‘উত্তম আইনের সঠিক প্রয়াস, টেকসই উন্নয়নে মুক্ত সমাজ’।
প্রধান তথ্য কমিশনার মরতুজা বলেন, কেন্দ্রীয়ভাবে স্মরণিকা প্রকাশ, টেলিভিশন ও বেতারে টক-শো, শোভাযাত্রা, তথ্য মেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ে সুবিধামত সময়ে এই দিবসটি উদযাপন করা হবে।
তিনি বলেন, “যেখানে অন্য সব আইন কর্তৃপক্ষ জনগণের উপর প্রয়োগ করে সেখানে তথ্য অধিকার আইন জনগণ কর্তৃপক্ষের ওপর প্রয়োগ করে।”
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমে তথ্য অধিকার আইনের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে জানিয়ে মরতুজা বলেন, “তথ্যই শক্তি আর তথ্যের মালিকানা জনগণের। তথ্য পাওয়া জনগণের অধিকার এবং তাদের সেই অধিকার রক্ষা করতে হবে।”
তথ্য অধিকার আইন ডিজিটাল নিরাপত্তা আইনের সঙ্গে সংঘাতপূর্ণ নয় বলেও এক প্রশ্নের জবাবে মত দেন প্রধান তথ্য কমিশনার।
সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, “আগে গোপনীয়তা ভঙ্গ হবে বলে মানুষ তথ্য পেত না। জনগণের টাকা কীভাবে ব্যয় হচ্ছে সেটা জানার অধিকার মৌলিক অধিকার বলেই আমি মনে করি, এখন সেটাই নিশ্চিত করা হচ্ছে।
“জনগণের করের টাকায় আমরা সুযোগ-সুবিধা ভোগ করি, তাই তাদের অধিকারের কথা ভোলা যাবে না।”
জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।
তথ্য কমিশনার সুরাইয়া বেগম ও নেপাল চন্দ্র সরকার, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুয়াল হোসেন, তথ্য কমিশনের সচিব জনাব মো. মুহিবুল হোসেইন, অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা ফজলে রাব্বী ছাড়াও তথ্য কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
