২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ আত্মসাৎ: ব্যবসায়ী ওম প্রকাশসহ দুইজনের জেল-জরিমানা

পনের বছর আগের ঋণের অর্থ আত্মসাতের মামলায় ব্যবসায়ী ওম প্রকাশ চৌধুরী ওরফে ওম প্রকাশ আগারওয়ালসহ দুইজনকে ১৫ বছর কারাদণ্ড দিয়েছে আদালত

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2018, 05:54 PM

Updated : 08 Apr 2022, 07:01 PM

ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান সোমবার এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত অন্য আসামি হলেন এইচবি অ্যাপারেলস নামের একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা হরেকৃষ্ণ সাহা।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নারায়ণ চন্দ্র ভৌমিক ও ঢাকা ব্যাংকের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা খন্দকার নাসির হাসানকে খালাস দিয়েছেন বিচারক।।

আসামিদের মধ্যে নারায়ণ চন্দ্র ছাড়া বাকিরা পলাতক বলে জানান তার আইনজীবী শ্রী প্রাণনাথ।

রায়ে দণ্ডবিধির ৪০৬ ধারায় আত্মসাতের দায়ে দুই আসামিকে তিন বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০ কোটি টাকা করে জরিমানা করা হয়।

দণ্ডবিধির ৪৬৮ ধারায় জাল কাগজপত্র তৈরির দায়ে ওম প্রকাশ ও হরেকৃষ্ণকে পাঁচ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক।

আর জালিয়াতির দায়ে দণ্ডবিধির ৪৭১ ধারায় প্রত্যেককে সাত বছর করে বিনাশ্রম করাদণ্ড এবং প্রত্যেককে ১০ লাখ টকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধ না করলে দুই আসামিকে অতিরিক্ত এক বছর ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

ওমপ্রকাশ ও হরেকৃষ্ণ সাহার সাজা পৃথকভাবে কার্যকর হবে বলেও রায়ে উল্লেখ করেছেন বিচারক।

মামলার বিবরণ থেকে জানা যায়, দণ্ডপ্রাপ্তরা পরস্পর যোগসাজসে প্রতিষ্ঠানের ভুয়া ঠিকানা ও কাগজপত্র ব্যবহার করে ঢাকা ব্যাংক লিমিটেড থেকে ১৭ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেন।

এ অভিযোগে ২০০৩ সালের ১ জুন তৎকালীন দুনীর্তি দমন ব্যুরোর উপ-পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী মতিঝিল থানায় মামলা করেন।

মামলায় অভিযোগ করা হয়, নারায়ণ চন্দ্র ও হরেকৃষ্ণ যৌথ স্বাক্ষরে ঢাকা ব্যাংক লিমিটেডের মতিঝিলের আঞ্চলিক কার্যালয়ে ১৯৯৯ সালের ১৫ ফেব্রুয়ারি একটি চলতি হিসাব খুলে চার লাখ মার্কিন ডলারের ব্যাক টু ব্যাক এলসি খোলার আবেদন করেন।

আবেদনের সমর্থনে জামানতদারের স্থায়ী ঠিকানা, ব্যবসায়িক পরিচিতি, সম্পদের বিবরণ, সম্পদের মূল্যমানসহ বিভিন্ন বিষয়ে মিথ্যা তথ্য দেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়।

ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যাংকের বিভিন্ন শাখা থেকে লিমিট মঞ্জুরির প্রস্তাব প্রস্তুত করে ঢাকা ব্যাংকের প্রধান কার্যালয়ের ক্রেডিট বিভাগে পাঠানো হয় এবং পরবর্তীতে এই বিভাগের সুপারিশে আবেদন মঞ্জুর হয়।