২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তাবিত শ্রম আইন সংশোধনে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

মন্ত্রিপরিষদে নীতিগতভাবে অনুমোদিত শ্রম আইনে কয়েকটি সংশোধন আনার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে পোশাক শ্রমিকদের কয়েকটি সংগঠন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2018, 07:50 PM

Updated : 11 Oct 2022, 12:36 PM

রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশের পর শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে একটি প্রতিনিধি দল গিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই স্মারকলিপি দিয়ে আসে।

শ্রমিক সংগঠনগুলোর দাবি, মন্ত্রিসভা ‘বাংলাদেশে শ্রম (সংশোধন) আইন ২০১৮’ এর যে খসড়াকে অনুমোদন দিয়েছে, তা শ্রমিক ‘স্বার্থ পরিপন্থি’।

তারা ১০টি বিষয়ে আপত্তি জানিয়ে সে বিষয়গুলো বিবেচনা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছে।

তাদের প্রস্তাবগুলো হল- 

১. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৩৮নং অনুচ্ছেদ এবং আইএলও কনভেনশন ৯৮ ও ৯৮ অনুসারে কোন প্রকার বিধিনিষেধ ব্যতিরেকে সকল শ্রমিক ট্রেড ইউনিয়ন গঠন করার অধিকার। বিধায় শ্রম আইন ধারা ১৭৯ সংশোধনীর প্রস্তাবে ন্যূনতম ২০% শ্রমিকের সদস্য হওয়ার শর্তারোপ সংবিধান ও আইএলও কনভেনশন পরিপন্থি।

২. বিদ্যমান শ্রম আইন অনুসারে কর্মরত কোন শ্রমিক মালিক কর্তৃক বেআইনীভাবে লে-অফ, ছাঁটাই, ডিসচার্জ, বরখাস্ত, অপসারণ অথবা যেকোন কারণে চাকুরীর অবসান হলে সংক্ষুব্ধ শ্রমিক সরাসরি মালিক বরাবর অনুযোগ পত্র প্রদান সাপেক্ষে তিনি ন্যায়বিচার পাওয়ার জন্য শ্রম আদালতে মামলা দায়ের করিতে পারে।

প্রস্তাবিত ধারা ১২৪ ক সংশোধনীতে শ্রমিকগণ সরাসরি শ্রম আদালতে মামলা দায়ের করিতে প্রতিবন্ধকতা ও ব্যাপক জটিলতার সৃষ্টি হইবে। এতে সকল শ্রমিকের ন্যায়বিচার পাওয়ার অধিকার খর্ব করা হইবে।

৩. বিদ্যমান ধারা ২ (৩৪) প্রসুতিকল্যাণ অর্থ চতুর্থ অধ্যায়ের অধীন কোন মহিলা শ্রমিককে তাহার প্রসুতি হওয়ার কারণে প্রদেয় মজুরীসহ ছুটি এর পরিবর্তে মজুরী কথাটি বাদ দিয়ে প্রদেয় সুবিধা শব্দ প্রতিস্থাপন করে প্রসুতিকালীন মজুরি পাওয়ার অধিকার সংকুচিত করা হচ্ছে। যাহা অত্যন্ত অমানবিক এবং মাতৃত্বের প্রতি অবজ্ঞার সামিল।

           

৪. সংশোধনী অনুসারে কর্মস্থলে দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে ক্ষতিপূরণ দুই লক্ষ টাকা এবং স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। রানা প্লাজা ও তাজরিন ফ্যাশনের দুর্ঘটনায় মৃত শ্রমিকদের ক্ষতিপূরণ নির্ধারণের জন্য মহামান্য উচ্চ আদালতের নির্দেশনাক্রমে গঠিত ক্ষতিপূরণ নির্ধারণ কমিটির সুপারিশ অনুসারে প্রত্যেক মৃত শ্রমিকের ক্ষতিপূরণের পরিমান বিবেচনায় নেওয়া হয়নি।

৫. বিদ্যমান শ্রম আইনের ধারা- ২৭ (৩) (ক) অনুসারে শ্রমিকদের বিনা অনুমতিতে ১০ দিনের অধিক কর্মস্থলে অনুপস্থিত থাকিলে মালিক উক্ত শ্রমিককে লিখিত নোটিশ দ্বারা কর্মস্থলে যোগদানের অথবা অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করিয়া পত্রদান সাপেক্ষে কোনরূপ যথাযথ উত্তর না পাইলে স্বেচ্ছায় অব্যাহতি গ্রহণ করিয়াছেন বলিয়া গণ্য হইত। সেক্ষেত্রে মালিকদের কোনরূপ মজুরি কর্তনের সুযোগ ছিল না সেখানে শুধুমাত্র ৩(ক) উপধারা (৩) এ ‘যাহা কিছুই থাকুক না কেন’ শব্দ বাক্যটি তুলে দিয়ে শ্রমিকদের পাওনা বঞ্চিত করা হচ্ছে।

৬. বিদ্যমান আইনের ধারা ৯৯(১) এ যে সকল প্রতিষ্ঠানে অনুন্য ১০০ জন স্থায়ী শ্রমিক কর্মরত রয়েছে, সেখানে মালিক প্রচলিত বীমা আইন অনুযায়ী গ্রুপ বীমা চালু করিবে। যাহা শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা। কিন্তু প্রস্তাবিত সংশোধনীতে শতভাগ রপ্তানীমুখী শিল্প সেক্টরের শ্রমিকদের জন্য গ্রুপবীমা করার প্রয়োজন হইবে না বাক্যটি সংযোজিত হইয়াছে। যা শ্রমিকদের সামাজিক সুরক্ষার পরিপন্থী।

৭. প্রচলিত আইনের ধারা- ১০৪ ও ১০৮ অনুসারে কোন শ্রমিককে সাপ্তাহিক ছুটির দিনে কাজ করানো হইলে অধিকাল কাজের জন্য অধিকাল ভাতা পাওয়ার অধিকার বর্তমান প্রস্তাবনায় কর্তন করা হইয়াছে।

৮. উৎসব ভাতা: কোন শ্রমিক কোন শিল্প বা প্রতিষ্ঠানে নিরবিচ্ছিন্নভাবে ৬ মাস চাকুরীর বয়স পূর্ণ করিলে মূল মজুরির সমপরিমান হারে প্রতিবছর ২টি উৎসব ভাতা প্রদান করিতে হবে মর্মে আইনে নতুন ধারা সংযোজন না করে চাকুরীর বয়স ১ বছর অতিক্রান্ত হওয়ার শর্ত জুড়ে দেওয়া এবং টাকার পরিমান উল্লেখ না করায় প্রকৃতপক্ষে শ্রমিকদেরকে উৎসব ভাতা থেকে বঞ্চিত করার দ্বার উন্মোচন করা হচ্ছে।

৯. আইএলও কনভেনশন ০১ এবং বিদ্যমান আইনের ধারা ১০১ লংঘন করিয়া দৈনিক কর্মঘন্টা ৮ ঘণ্টার পরিবর্তে ১০ ঘন্টা কাজ করানোর প্রস্তাব করা হয়েছে যাহা মহান মে দিবসের চেতনা বিরোধী।

১০. রানা প্লাজা দুর্ঘটনার পর নিরাপত্তার বিষয়টি জাতীয় ও আন্তর্জাতিকভাবে বিশেষ গুরুত্ব বহন করে ফলে কর্মক্ষেত্রে নিরাপত্তা আইন প্রণয়ন বিশেষভাবে গুরুত্বারোপ প্রয়োজন।

প্রেস ক্লাবের সামনে সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক নেতা মো. তৌহিদুর রহমান, আবুল হোসাইন, মাহবুবুর রহমান ইসমাইল, মাহাতাব উদ্দিন সহিদ, লিমা ফেরদৌস, জলি তালুকদার, এম দেলোয়ার হোসেন, লাভলী ইয়াসমিন, বজলুর রহমান বাবলু, রফিকুল ইসলাম সুজন, শামীমা শিরীন, সুলতানা বেগম, অরবিন্দ বিন্দু, প্রকাশ দত্ত, ফিরোজ আহমেদ, তাহমিনা রহমান, কাজী মো. আলী, শামসুজ্জোহা এবং কামরুন্নাহার প্রমুখ। 

আরও খবর

ট্রেড ইউনিয়ন গঠনে ২০% শ্রমিকের সমর্থনই যথেষ্ট  

১৬ হাজার টাকা মজুরির দাবিতে কঠোর কর্মসূচির হুমকি