পল্লীকবির বাড়িতে গ্যালারি ও গ্রন্থাগার
ঢাকার কমলাপুরের জসীমউদ্দিন রোডে পল্লীকবি জসীমউদ্দিনের বাসভবনের দ্বিতীয় তলায় গড়ে তোলা হয়েছে একটি আর্ট গ্যালারি ও গ্রন্থাগার।
বুধবার বিকালে এর উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
কমলাপুরের বাড়িটির নাম আসমানী ভবন। উত্তরাধিকার সূত্রে এই বাড়ির মালিক কবির সন্তানরা। পল্লীকবির মেয়ে হাসনা জসীমউদ্দিন মওদুদ তার পাওয়া বাড়ির একটি অংশে গড়ে তুলেছেন গ্যালারি।
হাসনা জসীমউদ্দিন মওদুদ ও তার স্বামী মওদুদ আহমেদের প্রয়াত ছেলে আমান মমতাজ মওদুদের নামে আর্ট গ্যালারির নামকরণ করা হয়েছে ‘আমান মওদুদ আর্ট গ্যালারি’।
আমান মমতাজ মওদুদ ২০১৫ সালের সেপ্টেম্বরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যান।
উদ্বোধনী অনুষ্ঠানে আসাদুজ্জামান নূর এই বাড়ির সাথে তার তরুণ জীবনের সংশ্লিষ্টতার স্মৃতিচারণ করেন।
তিনি বলেন, “এই বাড়িটি আমার একটি স্মৃতিমাখা ভবন। স্বাধীনতা পূর্ববর্তী সময়ে এখানে আমার বহুবার আসা হয়েছে, কারণ পল্লীকবির তৃতীয় ছেলে ফিরোজ আনোয়ারের সঙ্গে আমার ছিল গভীর বন্ধুত্ব। আমরা আসতাম, থাকতাম, খেতাম আর সারারাত আড্ডা চলত।”
পরে মন্ত্রী আর্ট গ্যালারি ও গ্রন্থাগার উদ্বোধন করেন।
চিত্রশিল্পী মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক ই এলাহী চৌধুরী ও বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু।
ঘরোয়া এই অনুষ্ঠানের শুরুতে ছিল সাংস্কৃতিক আয়োজন। তাতে বাংলাদেশ লোকসঙ্গীত পরিষদের শিল্পীরা পল্লীকবির লেখা চারটি গান পরিবেশনা করেন। এছাড়াও পল্লীকবির কবিতা শোনান ভাস্কর বন্দ্যোপাধ্যায় ও নীলুফার হক।
অনুষ্ঠানে মওদুদ আহমেদ বলেন, “আমান খুব প্রতিভাবান ছিল। সে ছবি আঁকত, স্বপ্ন দেখত একটি আর্ট গ্যালারি স্থাপনের। তার ইচ্ছা ছিল সেখানে একটি কফি শপ থাকবে, কম্পিউটার কর্নার থাকবে, আড্ডা হবে। সন্তানের ইচ্ছাকে রূপ দাওয়ার চেষ্টা করেছে তার মা, আমি কিছুই করিনি।”
ভবনের দ্বিতীয় তলার দুটি ফ্ল্যাটে আর্ট গ্যালারি ও গ্রন্থাগার করা হয়েছে। ভবিষ্যতে সেখানে শিশুদের আর্ট স্কুল ও সঙ্গীত শিক্ষালয় গড়ে তোলা হবে বলে জানান আয়োজকরা।
