২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মসাত: সোনালী ব্যাংকের সাবেক কর্মীর কারাদণ্ড

জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে ২৬ বছর আগের এক মামলায় সোনালী ব্যাংকের এক সাবেক কর্মীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2018, 07:03 PM

Updated : 19 Aug 2022, 02:31 PM

ঢাকার বিশেষ বিভাগীয় জজ আদালতের বিচারক মিজানুর রহমান বৃহস্পতিবার এ রায় দেন।

আসামি শামসুদ্দিন আহমেদ চৌধুরী ওরফে আব্দুল হান্নান চৌধুরী সোনালী ব্যাংকের রমনা শাখার উপ-হিসাব রক্ষক ছিলেন। তাকে পলাতক দেখিয়েই এ মামলার বিচার চলে।

রায়ে শামসুদ্দিনকে একটি ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৪ লাখ টাকা অর্থদণন্ড, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম করাদণ্ড দেন বিচারক।

এছাড়া অন্য একটি ধারায় তাকে তিন বছরের সশ্রম করাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম করাদণ্ড দেওয়া হয়।

রায়ে বলা হয়, দুটি ধারার দণ্ড একসঙ্গে চলবে বলে সাজা কার্যকর হবে দশ বছরের।

এ মামলার অপর দুই আসামি মোকাদ্দেস আলী খাদেম ও সৈয়দ আহাম্মেদ খন্দকারকে বেকসুর খালস দিয়েছেন বিচারক।

১৯৯২ সালের ৫ জানুয়ারি সোনালী ব্যাংকের রমনা শাখার সহকারী মহাব্যবস্থাপক শফিউদ্দিন আহমেদ ঢাকার রমনা থানায় এ মামলা দায়ের করেন।

এজাহারে বলা হয়, ব্যাংকের ওই শাখার উপ-হিসাব রক্ষক শামসুদ্দিন তার শ্যালক ব্যাংকের হিসাবধারী খাদেমের সঙ্গে যোগশাজস করে  ১৯৯১ সালের বিভিন্ন তারিখে ওভার ড্রাফটের হিসাব থেকে ভুয়া জমা ও ভুয়া উত্তোলন দেখিয়ে ৩ লাখ ৬১ হাজার টাকা আত্মসাত করেন।

এ মামলার তদন্ত করে বিলুপ্ত দুনীর্তি দমন ব্যুরো তিন জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। পরে আদালতের আদেশে অধিকতর তদন্ত হয়; ২০০৪ সালের ২৪ জানুয়ারি সম্পূরক অভিযোগপত্র দেন ব্যুরোর তৎকালীন পরিদর্শক এস এম আখতার হামিদ ভূইয়া।

দীর্ঘ ১৪ বছর পর রাষ্ট্রপক্ষে সাতজনের সাক্ষ্য শুনে বিচারক বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণা করলেন ।