সায়েন্স ল্যাবে পুলিশের উপর হামলা, উত্তেজনা
নিরাপদ সড়কের দাবিতে রাজধানীজুড়ে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে এক ট্রাফিক সার্জেন্টের ওপর হামলা চালিয়ে তার মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে সেখানে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট বায়েজিদের মোটর বাইকের লাইসেন্স দেখতে চায় শিক্ষার্থীরা।
এ সময় তিনি লাইসেন্স না দেখিয়ে বরং ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করেন ইস্টার্ন ইউনিভার্সিটির একজন ছাত্র।
তিনি বলেন, “ওই পুলিশ সার্জেন্ট আমাদের একজনকে ধাক্কা দেয়। তখন ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে উঠলে তিনি মোটর বাইক ফেলে দৌড় দেন। পরে তাকে ঘিরে ফেলে পিটুনি দেওয়া হয়।”
আহত ট্রাফিক সার্জেন্ট বায়েজিদকে পরে সায়েন্স ল্যাব মোড়ের পুলিশ বক্সে নিয়ে যাওয়া হয়। এদিকে বিক্ষোভকারীরা তার মোটরসাইকেলটি জ্বালিয়ে দেয়।
এ ঘটনার পর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ট্রাফিক পুলিশ বক্স ঘিরে উত্তেজনা চলছে।
