সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না, ছেলেকে বাড়ি ফেরাতে এসে বললেন মা
বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভরত স্কুল-কলেজের শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে তাদের দ্রুত ঘরে ফেরার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অভিভাবকরা।
বুধবার সকাল ১০টা থেকে রামপুরা ব্রিজের সামনের সড়কে ঢাকা কলেজ, ঢাকা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, বিএএফ শাহিন কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।
তারা ‘উই ওয়ান্ট জাস্টিস, আমার ভাই কবরে, খুনি কেন বাইরে, নিরাপদ সড়ক চাই’ বলে স্লোগান দিচ্ছে।
ঢাকা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর অভিভাবক নূরজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকার কেন এটাকে এখনও সমাধান দিচ্ছে না? সরকার দাবিগুলো মেনে নিক, যাতে আমাদের সন্তানরা দ্রুত বাড়িতে ফিরে যেতে পারে।
“সড়ক দুর্ঘটনায় কোনো মায়ের বুক যেন খালি না হয়, সেই ব্যবস্থা নিক সরকার।”
বিএএফ শাহিন কলেজের এক শিক্ষার্থীর অভিভাবক রমিজা আক্তার বলেন, “আমরা এখন শংকিত যে, আমাদের বুক খালি হয়ে যায়। দুই-তিন রাত ধরে আমরা ঘুমাতে পারছি না।”
এদিকে নিরাপদ সড়কের দাবিতে সকাল ১১টা থেকে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
মৎস্য ভবন ও শেরাটন মোড় থেকে ঘুরিয়ে ফেলা হচ্ছে অধিকাংশ গাড়ি। ফলে শাহবাগ হয়ে যান চলাচল বন্ধ রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের স্নাতকের শিক্ষার্থী শ্রবণা শফিক দৃষ্টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা স্কুলের শিক্ষার্থীদের ওপর যে পুলিশী নিপীড়ন হয়েছে, নির্যাতন হয়েছে তার প্রতিবাদে এখানে এসেছি। এরপর নৌমন্ত্রী যেভাবে 'মক' করেছে তার নিন্দা জানাই। শিক্ষার্থীদের নয় দফা দাবির সাথে সংহতি জানাতেই আমরা এখানে এসেছি।”
ইব্রাহিম মেডিকেল কলেজের এক শিক্ষার্থী বলেন, “আমরা যে সড়কে দাঁড়িয়ে আছি সেই সড়কে আপনি নিরাপদ না, আমি নিরাপদ না, আপনার বোন নিরাপদ না, আমার বোন নিরাপদ না, আপনার মা নিরাপদ না, আমার মা নিরাপদ না। এই নিরাপত্তা নিশ্চিতের দাবিতেই আমরা এখানে জড়ো হয়েছি।”
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, “আজকে এই সড়ক অবরোধ করে আমাদের নির্বোধ মন্ত্রী শাজাহান খানকে বোঝাতে হচ্ছে- আমরা নিরাপদ না, আপনার বক্তব্য সঠিক না।”
আইডিয়াল কলেজের এক ছাত্র বলেন, “আজকে আমরা সাইন্সল্যাবে মানবন্ধন করতে ছিলাম। একজন পুলিশ এসে আমাকে পিটাইছে। আমার হাতে ২২টা সেলাই পড়েছে।
“বাংলাদেশে কি আমাদের বিচার চাওয়ার অধিকার নাই?”
