২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদক মামলার দ্রুত বিচারে প্রয়োজনে আইন সংশোধন: মন্ত্রী

মাদক মামলাগুলোর বিচার দ্রুত শেষ করতে প্রয়োজনে এ সংক্রান্ত আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2018, 10:31 PM

Updated : 08 Apr 2022, 06:46 PM

ডিসি সম্মেলনের শেষ দিন বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে সমাজকল্যাণ, ধর্ম এবং আইন মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে মন্ত্রী একথা জানান।

জেলা কারাগারগুলোতে আটক ৭০ শতাংশ আসামি মাদক মামলার। মাদকের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য প্রতি জেলায় পৃথক আদালত চেয়ে এই মামলার তদন্ত ও মামলা নিষ্পত্তিতে সময় বেঁধে দেওয়ার প্রস্তাব করেছিলেন ডিসিরা।

এ বিষয়ে কী আলোচনা হয়েছে? আইনমন্ত্রীর কাছে জানতে চান একজন সাংবাদিক।

জবাবে আনিসুল বলেন, “আইনে সময় নির্ধারণ করে দেওয়া আছে। যেখানে সময় নির্ধারণ করে দেওয়া নেই সেখানে বলা আছে ফৌজদারি কার্যবিধিতে যে সময় বলা আছে সে সময়ের মধ্যে তদন্ত ও মামলা শেষ করতে হবে।

“আমাদের যদি আইনের পরিবর্তন করে এই (মাদক) মামলা দ্রুত শেষ করার ব্যবস্থা করতে হয় আমরা করব। কিন্তু পরিবর্তন করার আগে বিদ্যমান আইনে দ্রুত শেষ করার যে সম্ভবনাগুলো আছে সেগুলো আমরা উল্লেখ করে সকলকে জানিয়ে দেব, সেগুলো যাতে অগ্রাধিকারের ভিত্তিতে শেষ করা হয় তার ব্যবস্থা করব।”

মাদক মামলার বিচারে এই মুহূর্তে প্রতি জেলায় পৃথক আদালত করার কোনো প্রয়োজন নেই বলেও মনে করেন আইনমন্ত্রী।

তবে মামলাজট কমাতে জেলার শীর্ষ সরকারি কর্মকর্তাদের নিয়ে প্রতি জেলায় একটি করে ‘ডিস্ট্রিক কেইস কোঅর্ডিনেশন কমিটি’ করা হবে বলে জানান তিনি।

আনিসুল হক বলেন, “ডিসিদের আমি বলেছি, আমরা মামলা জটে জড়জড়িত, ৩৪ লাখ মামলা অমিমাংসীত আছে। স্বাক্ষী বা তদন্ত রিপোর্ট আসার সুবিধা করে দেওয়ার জন্য নতুন করে ‘ডিস্ট্রিক কেইস কোঅর্ডিনেশন কমিটি’ কমিটি করার চেষ্টা করছি, ইনশাল্লাহ সেটা হবে।

“সেখানে তাদের (ডিসি) ভূমিকা রাখার জন্য বলেছি, তাদের সহযোগিতা চেয়েছি। আমি বিশ্বাস করি যে এ রকমভাবে সমন্বয় করে যদি আমরা করতে পারি তাহলে আমরা মামলা জট কমিয়ে আনতে পারব।”

ডিস্ট্রিক কেইস কোঅর্ডিনেশন কমিটিতে জেলা জজ, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ জেলার উচ্চ পদস্থ কর্মকর্তাদের রাখা হবে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, মামলা নিরসনে দেরি হয় অনেকগুলো কারণে। তারমধ্যে সাক্ষীর অনুপস্থিতি, সরকারের পক্ষ থেকে পদক্ষেপ না নেওয়া ইত্যাদি।

“যদি সমন্বিতভাবে সকলের সাথে আলোচনা করা যায় তবে সমস্যাগুলো চিহ্নিত করে যার যার সেখানে যা যা করণীয় তা করা হলে আমার মনে হয় মামলা দ্রুত নিষ্পত্তি হবে।”