মতামত ‘যতটা সম্ভব বিবেচনায় নিয়ে’ ডিজিটাল নিরাপত্তা আইনের প্রতিবেদন চূড়ান্ত
গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে তাদের মতামত ‘যতটা সম্ভব’ বিবেচনায় নিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের উপর নিজেদের প্রতিবেদন চূড়ান্ত করেছে সংসদীয় কমিটি।
তারা জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত অবমাননাকে প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তার আইনে অপরাধ হিসেবে যুক্ত করার সুপারিশ করতে যাচ্ছে। এই অপরাধের শাস্তি হবে কোটি টাকা জরিমানা ও ১৪ বছরের কারাদণ্ড।
প্রস্তাবিত আইনে কিছু সংশোধনী এনে বুধবার বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন নিয়ে নিজেদের প্রতিবেদন চূড়ান্ত করে ডাক, তার ও টেলিযোগাযোগ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
এটি ছিল কমিটির মুলতবি (৩য় মুলতবি বৈঠক) বৈঠক। এর আগে সংসদীয় কমিটি গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে দুই দফা বৈঠক করে। ওই বৈঠকে আইনে আরও কিছু ধারা সংশোধনীর সিদ্ধান্ত আসে। সবগুলো সংশোধনী এখন একত্রিত করে কমিটি বিলের প্রতিবেদন চূড়ান্ত করেছে।
বৈঠক বুধবার শেষে সাংবাদিকদের বলেন, “সংসদের আগামী বৈঠকের প্রথমদিনেই বিলের প্রতিবেদন দিতে হবে, না হলে আরও সময় নিতে হবে। আমরা চাচ্ছি ওই দিনই প্রতিবেদনটি উপস্থাপন করতে।”
কমিটি গণমাধ্যম প্রতিনিধিদের চাওয়ার ‘যতটা সম্ভব অ্যাডজাস্ট’ করার চেষ্টা করেছে বলে জানান ইমরান আহমেদ।
সংসদীয় কমিটি বিলে জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত অবমাননাকে আইনের এখতিয়ারভুক্ত করেছে বলে জানান তিনি।
গত ২২ মে সংসদীয় কমিটির বৈঠকে উপস্থিত হয়ে প্রস্তাবিত আইনের আটটি ধারা নিয়ে নিজেদের আপত্তি তুলে ধরেছিল সম্পাদক পরিষদ। ওই বৈঠকে অ্যাটকো, বিএফইউজেও নিজেদের আপত্তির কথা তুলে ধরে।
পরে গত ৪ জুলাই এসব সংগঠনের সাথে আবারও বৈঠক করে সংসদীয় কমিটি। এর পরিপ্রেক্ষিতে কিছু পরিবর্তন আনার প্রস্তাব করা হয়।
গত ২৯ জানুয়ারি ‘ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া মন্ত্রিসভা অনুমোদনের পর থেকে এর সমালোচনা হচ্ছে।
সাংবাদিকরা প্রস্তাবিত আইনটির ৩২ ধারায় সমালোচনা করে বলছেন, এই আইনের ফলে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধানী সাংবাদিকতার পথ রুদ্ধ হবে।
তবে সব উদ্বেগের প্রশমন ঘটিয়েই আইনটি পাস করা হবে বলে সরকারের পক্ষ থেকে বলার পর গত ৯ এপ্রিল সংসদে আইনটি উত্থাপন করেন মন্ত্রী মোস্তফা জব্বার।
এরপর তা সংসদীয় কমিটিতে পাঠানো হয়, সংসদীয় কমিটি প্রস্তাবিত আইনটি নিয়ে আপত্তির বিষয়গুলো জানতে উদ্যোগ নেয়।
প্রস্তাবিত আইনের ২১ ধারায় মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা হয়েছে। এর সংজ্ঞায়, সংবিধানের প্রস্তাবনায় যে ব্যাখ্যা দেওয়া আছে, তা প্রযোজ্য হবে।
গত ৪ জুলাই বৈঠকের পর কমিটির সভাপতি জানিয়েছিলেন, ২৫ নম্বর ধারার ‘খ’ উপধারা (এমন কোনো তথ্য সম্প্রচার বা প্রকাশ করা, যা কোনো ব্যক্তিকে নীতিভ্রষ্ট বা অসৎ করতে পারে) বাতিল এবং সব মিলে দুটি উপধারা করা, ২১ ধারায় সাজা যাবজ্জীবনের ক্ষেত্রে ১৪ বছর করার প্রস্তাব করা হয়েছে।
এছাড়া কিছু ক্ষেত্রে সাজা ও জরিমানার পরিমাণ কমানো এবং কিছু শব্দগত পরিবর্তন আনার প্রস্তাব করা হচ্ছে বলে সংসদীয় কমিটির সভাপতি জানান।
সংসদে উত্থাপিত বিলের ২১ ধারায় মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের চেতনা বা জাতির পিতার বিরুদ্ধে কোনো ধরনের প্রপাগান্ডায় দণ্ডের বিধান রয়েছে। এর সঙ্গে কমিটি জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতও সন্নিবেশ করছে।
সংসদীয় কমিটি ডিজিটাল নিরাপত্তা এজেন্সি গঠনের ক্ষেত্রে একজন মহাপরিচালকের সঙ্গে দুইজন পরিচালক যুক্ত করার প্রস্তাব করতে যাচ্ছে। ১২ ধারায় ১১ সদস্য বিশিষ্ট ডিজিটাল নিরাপত্তা কাউন্সিল গঠনের যে বিধান রয়েছে, সেখানে বিএফইউজের একজন প্রতিনিধি যুক্ত করার প্রস্তাব করছে।
খসড়া আইনে গণমাধ্যম প্রতিনিধিদের পক্ষ থেকে যেসব দাবি আপত্তি তোলা হয়েছিল সে প্রসঙ্গে ইমরান আহমদ বলেন, “আমরা তাদের দাবির মধ্যে যেগুলো যৌক্তিক মনে করেছি, তা বিবেচনায় নিয়েছি। অযৌক্তিক কোনো কিছু তো বিবেচনা করা যবে না। আর আমরা তো কোনো ব্যক্তির স্বার্থে আইনটি করছি না যে সবকিছুই বিচেনায় নিতে হবে। দেশ ও জাতির স্বার্থ আমাদের সবার আগে দেখতে হবে।”
সংশোধনীতে গণমাধ্যম প্রতিনিধিদের সন্তুষ্ট করতে পেরেছেন কি না- এ প্রশ্নের আওয়ামী লীগের এই সংসদ সদস্য বলেন, “তাদের চাহিদা মোতাবেক যতটা সম্ভব অ্যাডজাস্ট করেছি। তাদের সন্তুষ্ট করার জন্য তো আমরা সব কিছু বিসর্জন দিতে পারি না। তবে এটা বলতে পারি তাদের সঙ্গে আলোচনা করে আইনটিতে আমরা সুন্দর করতে পেরেছি।”
সংসদীয় কমিটি গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে নতুন করে আর বসবে না বলে কমিটির সভাপতি জানান।
সংসদ ভবনে ইমরান আহমদের সভাপতিত্বে এই বৈঠকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং হোসনে আরা লুৎফা ডালিয়া অংশগ্রহণ করেন। এছাড়া বিশেষ আমন্ত্রণে ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার ও আইনমন্ত্রী আনিসুল হক।
