বৃত্তি নিয়ে চীনের পথে ৮৫০ শিক্ষক-শিক্ষার্থী
কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫০ জন শিক্ষক-শিক্ষার্থী বৃত্তি নিয়ে শিগগিরই চীন যাচ্ছেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এর মধ্যে ৮০০ জন শিক্ষার্থী তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং ও ৫০ জন শিক্ষক ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি নিতে চীন যাবেন।
মঙ্গলবার কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গতবছর থেকে এই বৃত্তি চালুর পর বাংলাদেশের ৩০৮ জন শিক্ষার্থী চীনের ১০টি প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চীন সরকারের প্রতিনিধিসহ চীনের ১৭টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৪ প্রতিনিধি বর্তমানে বাংলাদেশে অবস্থান করে বৃত্তির জন্য আগ্রহী শিক্ষক-শিক্ষার্থীদের বাছাই করছেন।
চীনা প্রতিনিধিদের সম্মানে ঢাকার একটি রোস্তোরাঁয় সোমবার রাতে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ আরও উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, চীনের রাষ্ট্রদূত ঝাং জউ, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমানসহ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, “চীন দীর্ঘকাল ধরে বাংলাদেশের সড়ক, সেতুসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষাক্ষেত্রে অবদান রেখে চলেছে।”
চীনের সহযোগিতার এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করেন শিক্ষামন্ত্রী।
প্রতিমন্ত্রী কেরামত আলী বলেন, প্রযুক্তিগত উন্নয়নের কারণে চীনা পণ্য বিশ্বের সকল দেশের বাজারে সমাদৃত হচ্ছে।
“বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা চীনের মানসম্পন্ন প্রতিষ্ঠান থেকে পাস করে দেশের কারিগরি খাতকে শক্তিশালী করবে।”
চীনের শিক্ষা প্রতিষ্ঠানে বৃত্তি নিয়ে পড়াশোনার সুযোগ পেতে এবারের বাছাইপর্বে দেশের ১১৭টি সরকারি-বেসরকারি কারিগরি প্রতিষ্ঠানের ৯০০ শিক্ষার্থী অংশ নিচ্ছে।
তাদের মধ্য থেকে বাছাই করা হবে ৮০০ জনকে।
এসব শিক্ষার্থীরা চীনে তিন বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স শেষ করে সেখানেই উচ্চতর ডিগ্রি নেওয়ার পাশাপাশি চাকরির সুযোগ পাবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
