২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাফটকে মহিলা দলের নেতারা

খালেদা জিয়া যে কারাগারে রয়েছেন, তার সামনে আফরোজা আব্বাসের নেতৃত্বে গিয়েছিলেন বিএনপির সহযোগী সংগঠন মহিলা দলের নেতারা, তবে পুলিশ তাদের দাঁড়াতে দেয়নি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2018, 12:00 PM

Updated : 08 Apr 2022, 06:31 PM

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ২০/২২ জনকে সঙ্গে নিয়ে পুরান ঢাকার নাজিমউদ্দিন সড়কের পুরনো কারাগারের সামনের সড়কে লাইন ধরে দাঁড়িয়ে পড়েন তারা। তবে ১০/১৫ মিনিট পর পুলিশ তাদের সরিয়ে দেয়।

দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে পরিত্যক্ত এই কারাগারে রয়েছেন ৭৩ বছর বয়সী বিএনপি চেয়ারপারসন।

অসুস্থতার কারণে স্বাস্থ্য পরীক্ষার জন্য রোববার তাকে বিএসএসএমএমইউতে নেওয়ার কথা জানানো হলেও পরে নেওয়া হয়নি। সোমবার নেওয়া হবে কি না, তাও এখন পর্যন্ত স্পষ্ট নয়।

খালেদাকে হাসপাতালে নেওয়া হতে পারে বলে ধারণা থেকে সকাল থেকেই কারা ফটকের সামনে রয়েছেন গণমাধ্যমকর্মীরা। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও তৎপর দেখা যায়।

এর মধ্যেই কারাগারের বাইরে মহিলা দলের সভানেত্রী আফরোজাসহ অন্য নেতারা জড়ো হন।

তাদের সরিয়ে দেওয়ার সময় সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল)  সানোয়ার হোসেন বিএনপি নেতা মির্জা আব্বাসের স্ত্রী আফরোজাকে উদ্দেশ করে বলেন, “প্রোপার ওয়েতে আসেন ম্যাডাম। ওয়ার্কিং ডে, তাই এখানে দাঁড়ানো যাবে না।”

এ সময় আফরোজার পাশে দাঁড়ানো একজন বলে ওঠেন, “আমরা কিছু করব না। এক পাশে দাঁড়িয়ে থাকব শুধু।”

তবে পুলিশ তা শোনেনি। চকবাজার থানার এসআই লোকমান হোসেন সাংবাদিকদের বলেন, “যান চলাচলে সমস্যা হচ্ছিল। তাই উনাদেরকে অনুরোধ করলে উনারা চলে যান।”

কেন এসেছেন- জানতে চাইলে আফরোজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ম্যাডাম অসুস্থ, তাই এসেছি। দেখা করতে চাই, কিন্তু দেখা করতে পারছি না।”

বিএনপি তাদের নেত্রীকে অবিলম্বে বেসরকারি ইউনাইটেড হাসপাতালে পাঠানোর দাবি জানিয়েছে। তবে তাতে স্বরাষ্ট্রমন্ত্রী সাড়া দেননি।

পুরনো খবর:

বিএসএমএমইউতে খালেদার যথাযথ চিকিৎসা হবে না: বিএনপি