সচিব হলেন আসাদুল
ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় কর্মরত বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুল ইসলামকে সচিব করেছে সরকার।
এই কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতির পর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে রোববার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে আলাদা আদেশে তাকে আগের দপ্তরেই পদায়ন করা হয়।
আসাদুলকে নিয়ে বর্তমানে জনপ্রশাসনে জ্যেষ্ঠ সচিব, সচিব, ভারাপ্রাপ্ত সচিব এবং সচিব পদমর্যাদার কর্মকর্তার সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ জনে।
২০১৭ সালের ৭ নভেম্বর বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ১৪তম মহাপরিচালক হিসেবে যোগ দেন আসাদুল।
বিলুপ্ত সরকারি কর্মচারী কল্যাণ অধিদপ্তর এবং বোর্ড অব ট্রাস্টিজকে (কল্যাণ তহবিল ও যৌথবীমা তহবিল) একীভূত করে ২০০৪ সালে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড নামে সেবামূলক এই প্রতিষ্ঠানটি গঠন করা হয়।
সরকারি চাকুরেদের আর্থ-সামাজিক নিরাপত্তা বিধানসহ তৃণমূলে আরও কল্যাণ সাধনে ঢাকা মহানগরসহ আটটি বিভাগীয় কার্য়ালয়ের মাধ্যমে প্রতিষ্ঠানটি কাজ করে।
