মিয়ানমারের ওপর বিশ্ব সম্প্রদায়ের চাপ অব্যাহত রাখার আহ্বান হাসিনার
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ সফররত আন্তর্জাতিক রেসকিউ কমিটির (আইআরসি) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড মিলিব্যান্ড মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এ আহ্বান জানান।
যুক্তরাজ্যের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড দুপুরে প্রধানমন্ত্রীর সংসদ ভবনের কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।
ব্রিটিশ লেবার পার্টির সাবেক নেতা ডেভিড মিলিব্যান্ড মূলত রোহিঙ্গা পরিস্থিতি দেখতে বাংলাদেশে এসেছেন বলে ইহসানুল করিম জানান।
তিনি সাংবাদিকদের বলেন, রাখাইনে নিপীড়ন-নির্যাতনের মুখে রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দেওয়াকে বাংলাদেশের মানবিক আচরণের দৃষ্টান্ত হিসাবে উল্লেখ করেন ডেভিড মিলিব্যান্ড। এছাড়া বাংলাদেশে প্রবেশের সময়ই রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধনের প্রশংসা করেছেন তিনি।
রোহিঙ্গাদের জন্য আইআরসি’র সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি।
বৈঠকে রোহিঙ্গা ক্যাম্পগুলোর ঘনবসতির কথাও এই ব্রিটিশ রাজনীতিক উল্লেখ করেন। রোহিঙ্গাদের ‘নিরাপদ আশ্রয়ে’ সরিয়ে নেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের এই নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
রোহিঙ্গাদের জন্য টেকনাফের স্থানীয় বাসিন্দারা সমস্যার মুখোমুখি হওয়ার পাশাপাশি পরিবেশের ক্ষতি হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
মিয়ানমারের রাখাইনে গত বছর অগাস্টে রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর দমন অভিযান শুরুর পর কয়েক মাসের মধ্যে এই জনগোষ্ঠীর সাত লাখের বেশি মানুষ বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। তাদের আগে কয়েক দশক ধরে আশ্রয় নিয়ে থাকা আরও প্রায় চার লাখের মতো রোহিঙ্গার ভার বহন করছে বাংলাদেশ।
সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী ও মুখ্য সচিব মো. নজিবুর রহমান উপস্থিত ছিলেন।
