২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে বাংলাদেশি গ্রেপ্তার

জঙ্গি হামলার পরিকল্পনাকারী সন্দেহে একটি চক্র গ্রেপ্তার হয়েছে মালয়েশিয়ায়, যার মধ্যে এক বাংলাদেশিও রয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2018, 12:10 PM

Updated : 19 Aug 2022, 02:07 PM

গত এপ্রিল ও মে মাসের বিভিন্ন সময়ে এই চক্রের এক ডজনের বেশি সদস্যকে গ্রেপ্তারের খবর শুক্রবার এসেছে মালয়েশিয়ার সংবাদপত্র দ্য স্ট্রেইটস টাইমসে।

মালয়েশিয়ার পুলিশ প্রধান মোহাম্মদ ফুজি হারুন বলেছেন, আইএসের দ্বারা উদ্বুদ্ধ হয়ে তারা কুয়ালালামপুরসহ কয়েকটি প্রদেশে বিদেশিদের উপর বোমা হামলার পরিকল্পনা করেছিলেন।

গত ২ এপ্রিল ওই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। তার নাম প্রকাশ করা হয়নি, বয়স বলা হয়েছে ৪১ বছর।

বাংলাদেশি ওই ব্যক্তি বুকিত বিনতাং এলাকায় একটি রেস্তোরাঁর মালিক। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহ করেছিলেন।

পুলিশ প্রধান ফুজি বলেন, “ইন্টারপোলে তার নামে রেড নোটিস ছিল।”

Image
.

.

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি ছাড়াও রয়েছেন চারজন মালয়েশীয়, ছয়জন ফিলিপিনো এবং আফ্রিকার একটি দেশের এক দম্পতি।

এই অভিযানে গত ২৭ মার্চ প্রথম গ্রেপ্তার হন একজন মালয়েশীয়; কুয়ালালামপুর বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ৩৩ বছর বয়সী ওই ব্যক্তি তুরস্কে ঢুকতে গিয়ে ফেরত এসেছিলেন বলে পুলিশ জানায়।

মালয়েশিয়ার পুলিশ প্রধান বলেন, “আইএসে যোগ দিতে তুরস্ক হয়ে  সিরিয়ায় পাড়ি দিতে চেয়েছিল ওই ব্যক্তি।”

জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় গত পাঁচ বছরে অন্তত ৪০০ ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন।