২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড় জমিতে সোলার পার্ক নয়, প্রয়োজন বিকল্প উপায়: তৌফিক-ই-ইলাহী

বড় জায়গায় সৌরবিদ্যুৎ পার্ক করার পথে না হেঁটে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের বিকল্প পথ খোঁজার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2018, 08:55 PM

Updated : 19 Aug 2022, 02:06 PM

সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) চতুর্থ বর্ষপূর্তির অনুষ্ঠানে সংস্থার কর্মকর্তাদের এই পরামর্শ দেন তিনি।

সোলার পার্ক বিষয়ে স্রেডার ওয়েবসাইটে বলা হয়েছে, জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুতের ওপর নির্ভরশীলতা কমানোর লক্ষ্যে সরকারি মালিকানাধীন অকৃষি জমিতে গ্রিডযুক্ত সোলারভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। সোলার পার্কে উৎপন্ন বিদ্যুৎ বাণিজ্যিক ভিত্তিতে গ্রিডে সরাসরি সরবরাহ করা হবে।

সেখানে আরও বলা হয়েছে, সোলার পার্কের জন্য দুই ধরনের জমি নির্ধারণ করা হয়েছে। এর একটি হল- যেসব জমি সরকারি মালিকানাধীন কিন্তু কৃষি উৎপাদনে ব্যবহৃত হচ্ছে না এবং অন্যটি হল ব্যক্তিগত জমি। প্রাথমিকভাবে এমন আটটি ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে। 

জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী তার বক্তব্যে বড় জমি নিয়ে সোলার পার্ক করার পরিকল্পনার সঙ্গে দ্বিমত পোষণ করেন।

তিনি বলেন, “বাংলাদেশেল মতো ঘনবসতির দেশে যেকোনো ধরনের জমিই খুবই মূল্যবান। তাই যতটা সম্ভব জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। বড় জমি নিয়ে সোলার পার্ক করার মতো জমি বাংলাদেশের নেই।

“বাংলাদেশের জমি অত্যন্ত মূল্যবান। ভবিষ্যতে জমির প্রয়োজনীয়তা ও মূল্য আরও বাড়বে। তাই জমি ব্যবহার না করে বিভিন্ন অবকাঠামো ও স্থাপনাকে কিভাবে কাজে লাগানো যায় সেই পরিকল্পনা করতে হবে।”

এক্ষেত্রে সৌরবিদ্যুতের সুফল পেতে বাসাবাড়ি ও বিভিন্ন স্থাপনার ছাদকে কাজে লাগানোর পরামর্শ দেন এই জ্বালানি বিশেষজ্ঞ।

জ্বালানি উপদেষ্টার বক্তব্যের আগে স্রেডার গত দুই বছরের কাজের পরিসংখ্যান তুলে ধরেন সদস্য সিদ্দিকী জুবায়ের।

তিনি জানান, এই সময়ের মধ্যে এনার্জি এফিশিয়েন্সি অ্যান্ড কনজার্ভেশন রুল, এনার্জি অডিট রেগুলেশন, নেট মিটারিং গাইডলাইনসহ বেশ কিছু নীতিমালা প্রণয়ন করা হয়েছে। পারিবেশবান্ধব উপকরণ ব্যবহারে ৭টি কোম্পানিকে ৪০০ কোটি টাকার প্রকল্পের অনাপত্তি দেওয়া হয়েছে। এসব প্রকল্পের অর্ধেক কাজই এখন বাস্তবায়নাধীন। সৌরবিদ্যুৎ সামগ্রী উৎপাদন ও বিপণনের জন্য বিডিএস মান ঠিক করা হয়েছে।

স্রেডার ভবিষ্যত কর্মপরিকল্পনাগুলোও তুলে ধরেন সিদ্দিক জুবায়ের। এর মধ্যে রয়েছে গ্রিডের সঙ্গে সোলার ইরিগেশন প্রকল্পের সমন্বয়, গ্রিন বিল্ডিং রেটিং সিস্টেম প্রণয়ন, নেট মিটারিং প্রকল্প, কাপ্তাই হ্রদে ভাসমান সোলার প্রকল্প ইত্যাদি।

স্রেডার পরিকল্পনা ও প্রকল্পগুলো যেন সূদূরপ্রসারি উপকারে আসে সেজন্য প্রয়োজনে পরিকল্পনায় পরিবর্তনের কথাও বলেন তৌফিক-ই-এলাহী।

“যেসব এলাকায় গ্রিডের বিদ্যুৎ যাবে না সেখানে সোলার বিদ্যুতের পরিকল্পনাও ঠিক নয়। গ্রিডের বিদ্যুৎ কিছু এলাকায় কেন যাবে না? সরকারের টার্গেট তো সব এলাকায় বিদ্যুৎ পৌঁছে দেওয়া। গ্রিডের বিদ্যুতের পাশাপাশি বিকল্প হিসেবে কিভাবে সৌর বিদ্যুৎকে কাজে লাগানো যায় সেই চিন্তা করুন।”

বিদ্যুৎ ব্যবহারে সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়ে জ্বালানি উপদেষ্টা বলেন, “এক ওয়াট বিদ্যুৎ উৎপাদনের চেয়ে এক ওয়াট বিদ্যুতের ব্যয় সঙ্কোচন কিভাবে করা যায় সেই চেষ্টা করতে হবে। কারণ বিদ্যুতের উৎপাদন ব্যয় দিন দিন বাড়ছে। এই ব্যয়বহুল পণ্যের অযথা অপচয় কখনই কাম্য নয়। জনগণকে এই বিষয়ে সচেতন করতে বিশেষ পদক্ষেপ নিতে পারে স্রেডা।”

অনুষ্ঠানে স্রেডার চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন বক্তব্য দেন। সংস্থার বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন স্রেডার সদস্য সালিমা জাহান ।