খেলার মাঠে নারীদের নির্দিষ্ট সময় বরাদ্দের সুপারিশ
বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে নারীদের বিভিন্ন খেলায় উৎসাহ দিতে স্থানীয় খেলার মাঠগুলোতে নারীদের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ রাখার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
রোববার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। এই বৈঠকে বাংলাদেশের নারী খেলোয়াড়রা অংশ নিয়েছিলেন।
বৈঠক শেষে কমিটির সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিভিন্ন পর্যায়ে নারী খেলোয়াড়দের সাথে কথা বলে তাদের সমস্যার কথা শুনতেই বৈঠকে তাদের আমন্ত্রণ জানানো হয়।
“বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে নারীদের খেলাধুলায় উৎসাহিত করার জন্য নারীদের জন্য স্থানীয় খেলার মাঠে নির্দিষ্ট সময় বরাদ্দ রাখার পরামর্শ করা হয়।”
তিনি আরও জানান, নারী খেলোয়াড়রা যাতে অনুশীলনের ব্যাপক সুযোগ পায় সেজন্য বিদেশি প্রতিযোগিতায় অংশগ্রহণের আগে তাদের ক্যাম্পিংয়ের সময় আরও বৃদ্ধি এবং তাদের সঙ্গে অবশ্যই নারী কর্মকর্তাদের রাখার সুপারিশ দেওয়া হয়।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নারী খেলোয়াড়দের ভবিষ্যতের কথা মাথায় রেখে তাদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে স্থায়ী চাকরির ব্যবস্থা করার জন্য মন্ত্রণালয়কে বিশেষ উদ্যোগ নিতে সুপারিশ করা হয়েছে।
কমিটি বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নারীদের সাফল্যকে ধরে রাখতে আন্তর্জাতিক মানের কোচ, ফিজিও রাখার সুপারিশ করেছে।
জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, এ এম নাইমুর রহমান, নুরুল ইসলাম তালুকদার, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী অংশ নেন।
